চৌগাছায় করোনার টিকা নিতে এসে ভোগান্তির শিকার শিক্ষার্থীরা, মারধরে আহত একজন

0

এম এ রহিম, চৌগাছা (যশোর )॥ চৌগাছায় করোনাভাইরাসের টিকা নিতে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। শনিবার উপজেলা পরিষদ হল রুমে টিকা নিতে এসে শিক্ষার্থীদের এই ভোগান্তিতে পড়তে হয়। এ সময় চৌগাছা শাহাদৎ সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধরে চৌগাছা কামিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র আবু মুছার মাথা ফেটে যায়। টিকা পৌছাতে দেরি হওয়া, বিদ্যালয়গুলোর শিক্ষকদের অবহেলা এবং উপজেলা শিক্ষা অফিসের ব্যর্থতায় শিক্ষার্থীরা এই ভোগান্তিতে পড়েন বলে অভিযোগ অভিভাবকদের। তাদের অভিযোগ এভাবে স্বাস্থ্যবিধি না মেনে বিশৃঙ্খল পরিবেশে টিকা দেওয়া হলে শিক্ষার্থীরা করোনা সংক্রমিত হয়ে যেতে পারে। উপজেলার সব থেকে সুরক্ষিত এলাকা উপজেলা পরিষদ চত্বরে কয়েক হাজার শিক্ষার্থী একসাথে টিকা নিতে প্রবেশ করায় এই বিশৃঙ্খলার সৃষ্টি হলেও শিক্ষার্থীদের নিরাপত্তার কোন ব্যবস্থা রাখা হয়নি।
জানা যায়, গত ১২ জানুয়ারি থেকে চৌগাছায় শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া শুরু হয়। অনিবার্য কারণ দেখিয়ে ১৩ জানুয়ারি টিকা দেওয়া বন্ধ রেখে ১৫ জানুয়ারি একদিনে ৪ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়ার ঘোষণা দেয়া হয়। কথা ছিল ১৫ তারিখে যাদের টিকা দেওয়ার কথা সেসব স্কুলের শিক্ষার্থীদের আগে টিকা দেওয়া হবে। এরপর যাদের ১৩ তারিখে টিকা দেওয়ার কথা ছিল তাদের টিকা দেওয়া হবে। কিন্তু সকাল সাতটার মধ্যেই শহরের সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী উপজেলা পরিষদ চত্বরে চলে আসলে সব মিলিয়ে কয়েক হাজার শিক্ষার্থীর ভিড় জমে যায়। এতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, সমস্যা হবে না। সকালে টিকা আসার কথা ছিল ৮টায়, এসেছে ১০টায়। এছাড়া সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীরা কাগজপত্র উল্টাপাল্টা করে রাখার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। সামনে এমন বিশৃঙ্খলা আর হবে না বলে আশা করছি।’