চোটের আঘাত বাংলাদেশ শিবিরে: অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা, অনিশ্চিত শরীফুল ও লিটন

0
পেসার নাহিদ রানা ।। ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়া সফরের আগে বড় ধরনের চোটের ধাক্কা খেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই টেস্টের পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন গতি তারকা নাহিদ রানা।
এছাড়া প্রথম টেস্টে নিশ্চিতভাবেই দেখা যাবে না কিপার-ব্যাটার লিটন কুমার দাসকে। প্রথম টেস্টে খেলার সম্ভাবনা একেবারেই ক্ষীণ আরেক বাঁহাতি পেসার শরীফুল ইসলামেরও। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টুয়েন্টি ম্যাচে বোলিং করার সময় বাঁ পাশের পাঁজরের পেশিতে (সাইড স্ট্রেন) চোট পেয়েছিলেন নাহিদ রানা। পরবর্তীতে এমআরআই স্ক্যানে তাঁর ‘গ্রেড-২ সাইড স্ট্রেন’ ধরা পড়ে।

বিসিবির চিকিৎসকদের মতে, এই চোট থেকে সেরে উঠতেই তাঁর অন্তত চার সপ্তাহ সময় লাগবে, এরপর পূর্ণ বোলিং ফিটনেসে ফিরতে আরও দুই থেকে চার সপ্তাহ প্রয়োজন হবে। ফলে সব মিলিয়ে আগামী ৬ থেকে ৮ সপ্তাহ তাঁকে মাঠের বাইরে থাকতে হচ্ছে, যা তাঁকে অজিদের বিরুদ্ধে পুরো সিরিজ থেকেই ছিটকে দিয়েছে।

অন্যদিকে, বাঁ পায়ের কাফ মাসলের চোটে ভুগছেন লিটন দাস। বর্তমানে সিঙ্গাপুরে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে তাঁর চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া চলছে। আগামী ২৮ জুলাই থেকে তাঁর প্রোগ্রেসিভ রানিং ও কন্ডিশনিং শুরু হওয়ার কথা রয়েছে। ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্টের দিনে বিসিবি তাঁর ফিটনেস অ্যাসেসমেন্ট টেস্ট নেবে। ফিটনেস ছাড়পত্র পাওয়া সাপেক্ষে ২২ আগস্ট থেকে ম্যাকাইতে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে তাঁকে পাওয়ার আশা করছে বোর্ড।

পেসার শরীফুল ইসলামের চোটের অগ্রগতি হলেও ডারউইনে প্রথম টেস্টে তাঁর খেলার সম্ভাবনা খুবই কম। বিসিবি জানিয়েছে, পুনর্বাসনে তাঁর আশাব্যঞ্জক উন্নতি হয়েছে এবং আগামী ২৯ জুলাই থেকে তিনি বোলিং শুরু করবেন। ১২ আগস্ট তাঁর একটি ফিটনেস অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত হবে। চিকিৎসকের গ্রিন সিগন্যাল এবং বোলিং ওয়ার্কলোড মানদণ্ডে উত্তীর্ণ হওয়া সাপেক্ষে দ্বিতীয় টেস্টের দলে তাঁকে বিবেচনা করা হতে পারে।

আগামী ১৩ আগস্ট থেকে ডারউইনে প্রথম টেস্ট এবং ২২ আগস্ট ম্যাকাইতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।