চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযান : ২৯ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার

0
ছবি: সংগৃহীত।

চুয়াডাঙ্গা সংবাদাতা ॥ চুয়াডাঙ্গা সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রায় ২৯ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় আলাদা টহল দল পরিচালনা করে এসব ভারতীয় পণ্য ও ড্রাগ উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ রাজ মামুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি), বারাদী, বড়বলদিয়া, বুড়িপোতা এবং সুলতানপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্ত লাগোয়া এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করেন।

উদ্ধারকৃত অবৈধ মালামালের মধ্যে রয়েছে ৮৩ বোতল ভারতীয় মদ, ২৫২ বোতল ভারতীয় নিষিদ্ধ কাশির সিরাপ, ৩ হাজার ৬০টি ডেক্সাম্যাথাসন ট্যাবলেট, ৫ হাজারটি সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ২৬৪টি কসমেটিক্স সামগ্রী, একটি ভারতীয় শাড়ি এবং একটি কম্বল। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ১৮ হাজার ৪৫০ টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা নিয়মিত টহল জোরদার করেছেন। অপরাধমুক্ত সীমান্ত গড়ে তুলতে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।