চুয়াডাঙ্গা পৌর এলাকায় খোলা বাজারে চাল-আটা বিক্রি শুরু

0

রিফাত রহমান, চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গা পৌর এলাকায় খোলা বাজারে সরকারিভাবে চাল ও আটা বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। বুধবার পৌরসভার ৯টি ওয়ার্ডে বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা খাদ্য কর্মকর্তা হাসান আলী। এ সময় উপস্থিত ছিলেন,চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার (উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ), চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, চুয়াডাঙ্গা পৌরসভায় সরকার নির্ধারিত মূল্যে চাল ও আটা বিক্রি শুরু হয়েছে। কোনো অবস্থাতেই ক্রেতার কাছ থেকে বেশি মূল্য নেওয়া যাবে না। বেশি মূল্য নিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
সভায় জানানো হয়, একজন ক্রেতা ৩০ টাকা কেজি দরে দৈনিক সর্বোচ্চ ৫ কেজি চাল ও ২৪ টাকা কেজি দরে ৫ কেজি আটা খোলা বাজার থেকে কিনতে পারবেন। একজন ডিলার সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন ৫৫৫ কেজি চাল ও ৫৫৫ কেজি আটা বিক্রির বরাদ্দ পাবেন। এর আগে গত ২০২৪ সালের ২৬ ডিসেম্বর লটারির মাধ্যমে চুয়াডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯ জন ওএমএস ডিলার নির্বাচিত করা হয়। ওএমএস ডিলাররা হলেন ১নং ওয়ার্ডে হাফিজুর রহমান, ২নং ওয়ার্ডে জাফর আহম্মেদ, ৩নং ওয়ার্ডে শাহানাজ সুলতানা জলি, ৪নং ওয়ার্ডে হাসিবুল ইসলাম, ৫নং ওয়ার্ডে শেখ কামাল হোসেন, ৬নং ওয়ার্ডে সবুজ আলী, ৭নং ওয়ার্ডে সোহেল আহমেদ মালিক, ৮নং ওয়ার্ডে শাহানাজ মামুন ও ৯নং ওয়ার্ডে আকরামুজ্জামান।