চুয়াডাঙ্গায় বিভিন্ন সময়ে উদ্ধার মাদক ধ্বংস

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গায় ২ কোটি ৯৬ লাখ ৪০ হাজার ২০০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। ভারত থেকে অবৈধ উপায়ে দেশে আনার পর উদ্ধার করা ফেনসিডিল, মদ,বিয়ার, গাঁজা, ইয়াবা ট্যাবলেট, নেশা জাতীয় ট্যাবলেট, ইনজেকশন ও হেরোইন আগুনে পুড়িয়ে ও রোলার দিয়ে পিষ্ট করে বুধবার দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ান সদর দপ্তরে ধ্বংস করা হয়।
কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল এমারাত হোসেন জানান, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্ত এলাকা থেকে ৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ২০২২ সালের ১ আগস্ট থেকে ২০২৩ সালের ৩১ জুলাই পর্যন্ত মালিকবিহীন অবস্থায় ফেনসিডিল, মদ, বিয়ার, গাঁজা, ইয়াবা ট্যাবলেট, নেশা জাতীয় ট্যাবলেট, ইনজেকশন, হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদক চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ান সদর দপ্তরে সংরক্ষণ করা হয়। সেগুলোই ধ্বংস করা হয়েছে। উদ্ধার হওয়া ৫ হাজার ৮১৮ বোতল ফেনসিডিল, ১ হাজার ৩৫৯ বোতল মদ, ২ বোতল বিয়ার, ৫৮ দশমিক ৬ কেজি গাঁজা, ৯ হাজার ৬৩৪ টি ইয়াবা ট্যাবলেট, ২ হাজার ৫৮০ টি নেশা জাতীয় ট্যাবলেট, ২ হাজার ১৯৮ টি ইনজেকশন ও ১০ দশমিক ৪ কেজি হেরোইন ধবংস করা হয়। যার বাজার মূল্য ২ কোটি ৯৬ লাখ ৪০ হাজার ২০০ টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল এমারাত হোসেন, চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রিপন হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার চুয়াডাঙ্গা (সদর সার্কেল) আনিসুজ্জামান, মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান ও মেহেরপুর জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিরীন আক্তার।