চীনের সঙ্গে ভূরাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল

0
বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় বক্তব্য রাখছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।। ছবি: সংগৃহীত
চীনের সঙ্গে বাংলাদেশের ভূরাজনৈতিক, অর্থনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বিএনপি। এমন প্রত্যাশার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে দুদেশের বিদ্যমান সম্পর্ক আরও গতিশীল ও মজবুত হয়েছে।

আজ শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক চীন সফরের পর ‘লং লিভ বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ’ শীর্ষক এই বিশেষ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

আলোচনা সভায় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল বলেন, আমাদের তরুণরা চীনে যাচ্ছে এবং নতুন সম্পর্ক গড়ে তুলছে। চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সম্পর্ক দীর্ঘদিনের। বিগত ফ্যাসিস্ট আওয়ামী নির্যাতনের সময়ও বিএনপি দলটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছে।

চীন শুধু আওয়ামী লীগকে নয়, বরং বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও সমানভাবে সুসম্পর্ক বজায় রেখেছে।

তিনি আরও উল্লেখ করেন, বিএনপি চীনের সঙ্গে জিও পলিটিকাল ইন্টারেস্ট বা ভূরাজনৈতিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সম্পর্ক এগিয়ে নিতে চায়। এর পাশাপাশি ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক বজায় রাখতে ইচ্ছুক।

চীন-বাংলাদেশের সম্পর্ক এখন বেশ উঁচুতে অবস্থান করছে। বাংলাদেশ বর্তমানে চীনের প্রযুক্তিগত ও কারিগরি শিক্ষার সহায়তা চায়, যা বাংলাদেশের তরুণদের আরও দক্ষ করে তুলতে ভূমিকা রাখবে।

মির্জা ফখরুল বলেন, দেশের রাস্তাঘাট, অবকাঠামো নির্মাণ, সোলার এনার্জি ও গ্রীন এনার্জির ব্যবহারে চীনা প্রযুক্তির সহায়তা বাড়াতে পারলে বাংলাদেশ ব্যাপকভাবে লাভবান হবে। আধিপত্যবিরোধী শক্তি হিসেবে চীনের নেতৃত্ব প্রত্যাশা করে বাংলাদেশ। চীনের সঙ্গে বিএনপির আদর্শিক মিলের পাশাপাশি ব্যবসায়িক অংশীদারিত্ব রয়েছে। দুই দেশ পারস্পরিক আমদানি ও রপ্তানি বাণিজ্য আরও বৃদ্ধি করবে।

অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীনে বিদ্যমান হাইস্পিড ট্রেন প্রযুক্তি ভবিষ্যতে বাংলাদেশে কার্যকর করতে তারা আগ্রহী। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটকে এই হাইস্পিড ট্রেন প্রযুক্তির আওতায় আনা সম্ভব। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় চীন সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে মন্তব্য করেন।

বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট নজমুল হক নান্নুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতসহ অন্যান্য জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। বক্তারা আশাবাদ প্রকাশ করেন, অবকাঠামো, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের দ্বিপাক্ষিক সহযোগিতা আগামীতে আরও সম্প্রসারিত হবে।