চাঁদা না পেয়ে রেসকো বিস্কুট ফ্যাক্টরির দু’কর্মকর্তাকে কুপিয়ে জখম

0

স্টাফ রিপোর্টার ॥ চাঁদা না পেয়ে যশোরে রেসকো বিস্কুট ফ্যাক্টরির দু’কর্মকর্তাকে এক সন্ত্রাসী এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে।
সূত্র জানিয়েছেন, সোমবার (২৭ মার্চ ) বিকেলে রেসকো বিস্কুট ফ্যাক্টরির কেমিস্ট মো. জামাল হোসেন (৫০) ও ব্যাকিনম্যান তোফাজ্জেল হোসেন (৬১), ঝুমঝুমপুর বিসিক শিল্প নগরির অফিস থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। পথের মাঝে বালিয়াডাঙ্গায় মো. জামাল হোসেনের বাসার সামনে পৌঁছুলে ওই এলাকার সৌমিক নামে এক সন্ত্রাসী তাদের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসী সৌমিক জামাল হোসেন ও তোফাজ্জেল হোসেনকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। আহত জামাল হোসেনের বাড়ি যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। তোফাজ্জেল হোসেনের বাড়ি মণিরামপুর উপজেলার জালঝাড়া গ্রামে। আহতরা জানিয়েছেন, সন্ত্রাসী সৌমিক বালিয়াডাঙ্গা গ্রামের মিন্টু গাজীর পুত্র। সে রেসকো বিস্কুট ফ্যাক্টরির শ্রমিক ছিল। অনিয়মের অভিযোগে একমাস আগে সৌমিকের চাকরি চলে যায়। এতে ক্ষুব্ধ হয়ে সৌমিক ১ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেয়ায় পরিকল্পিতভাবে এ হামলা চালায়।