‘ঘরের মানুষের এমন মন্তব্য দুঃখজনক’—তামিমকে নিয়ে বিসিবি পরিচালকের মন্তব্যে শান্ত

0
'ঘরের মানুষ আগলে রাখবে, এটাই প্রত্যাশা'; বিসিবি পরিচালককে শান্তর কড়া জবাব ।। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক ॥ দেশের ক্রিকেটাঙ্গনে মোস্তাফিজের আইপিএল ও বিশ্বকাপ ইস্যুর মাঝেই নতুন করে ঘি ঢেলেছে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের একটি বিতর্কিত মন্তব্য। সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে সম্বোধন করেছেন তিনি। বিসিবির একজন শীর্ষ কর্মকর্তার কাছ থেকে আসা এমন কুরুচিপূর্ণ মন্তব্যে এবার সরাসরি ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শুক্রবার (৯ জানুয়ারি) সিলেটে বিপিএলের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন, “তামিম ইকবাল বাংলাদেশের অন্যতম সফল ক্রিকেটার, যাকে দেখে আমরা বড় হয়েছি। একজন ক্রিকেটার সবসময় সম্মানটুকু আশা করে। বিশেষ করে বিসিবি আমাদের অভিভাবক, আমরা আশা করি ঘরের মানুষ আমাদের আগলে রাখবে।” তিনি আরও যোগ করেন, “একজন অভিভাবক হয়ে এমন মন্তব্য করা একদমই যৌক্তিক নয়। একজন ক্রিকেটার হিসেবে আমি এটা মানতে পারছি না।”

এর আগে ক্রিকেটারদের সংগঠন কোয়াবও বিসিবি পরিচালকের এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। শান্তর মতে, কোনো ক্রিকেটার ভুল করলে ঘরোয়াভাবে শাসন করা যেতে পারে, কিন্তু জনসম্মুখে এভাবে ছোট করা কোনোভাবেই পেশাদারিত্বের পরিচয় দেয় না। বিসিবি পরিচালকের এমন মন্তব্যে ক্রিকেটারদের সুরক্ষা ও সম্মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে ক্রীড়া মহলে।