গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

0
রাজধানীর গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার দুজনের কাছে এসব ককটেল পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে ।। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের চেষ্টা পণ্ড করে দিয়েছে পুলিশ। এ সময় মিছিলকারীদের নিক্ষিপ্ত ককটেল বিস্ফোরণের মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, দুপুর পৌনে ১২টার দিকে গুলশান ৩ নম্বর সড়কের একটি গলিতে ১৫০ থেকে ২০০ জন নেতা-কর্মী জড়ো হয়ে মিছিলের চেষ্টা চালান। পুলিশ বাধা দিলে মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। পরবর্তীতে পুলিশ দুটি রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

ঘটনাস্থল থেকে আটক আব্দুর রহিম (৪৯) ও মো. আরাফাত (২০) নামে দুজনের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার আব্দুর রহিম ও মো. আরাফাত ।। ছবি: সংগৃহীত

অন্যদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে উত্তরা থেকে মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির আরও চার কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জুনায়েদ মৃধা (১৯), রাকিবুল হাসান (২৩), সাজ্জাদ হোসেন (১৯) ও মো. আব্দুল্লাহ (১৯)। পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে আব্দুল্লাহপুর ফ্লাইওভারের নিচে মিছিলের জন্য জড়ো হলে অভিযান চালিয়ে ব্যানারসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।