গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ইবির

0

ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্বতন্ত্রভাবে অনুষ্ঠিত হবে। আগামী ১০ মে থেকে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল)  ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার।
তপন কুমার জানান, নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা নেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভর্তি পরীক্ষা কমিটির মিটিং শেষ করে ডিন মহোদয়রা ভর্তি বিজ্ঞপ্তির জন্যে স্বাক্ষর করেন। এটি অনুমোদনের জন্যে ভিসি স্যারের কাছে পাঠানো হবে। ১০ থেকে ২৭ মে পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। পরে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ‘ক’ ইউনিটে রয়েছে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, বিজ্ঞান অনুষদ ও জীববিজ্ঞান অনুষদ। ‘খ’ ইউনিটের অন্তর্ভুক্ত রয়েছে কলা অনুষদ, আইন অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ। ‘গ’ ইউনিটে রয়েছে ব্যবসায় প্রশাসন অনুষদ। ‘ঘ’ ইউনিটে রয়েছে ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষক অনুষদ ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সকল ছাত্র-ছাত্রী ২০২১-২২ সালে উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এবং যাদের ভর্তি নির্দেশিকায় উল্লেখিত যোগ্যতা থাকবে কেবল মাত্র তারাই চার ইউনিটসমূহে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্যে আবেদন করতে পারবেন। একই সঙ্গে ভর্তি নির্দেশিকা উল্লেখিত শর্ত অনুযায়ী কোটায় আবেদন করতে পারবে।
‘ক’ ইউনিটে আবেদন ফি ৮৫০ টাকা, ‘খ’ ইউনিটে ১০৫০, ‘গ’ ইউনিটে ৬০০ এবং ‘ঘ’ ইউনিটে ৫০০ টাকা। আগামী মে মাসের ১০ তারিখ থেকে ইবিতে ভর্তি আবেদন শুরু হয়ে চলবে ২৭ মে পর্যন্ত। প্রতি ইউনিটে ৮০ মার্কের এম সি কিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে। প্রতিটি ভুলের জন্যে ০.২৫ কাটা যাবে।