খুলনায় মাছের ঘের থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

0
ছবি: সংগৃহীত।

খুলনা ব্যুরো, লোকসমাজ ॥ ওমর ফারুক রাব্বি (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে মহেশ্বরপাশা পশ্চিমপাড়া খুঁটির ঘাট এলাকার একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় লোকজন ঘেরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে বাংলাদেশ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

দৌলতপুর থানার ওসি মুরাদুল ইসলাম জানান, নিহত রাব্বির মাথা ও বুকে গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে। তিনি এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং আরমান গ্রুপের সদস্য হিসেবে পরিচিত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের ধারণা, শুক্রবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে মাছের ঘেরে ফেলে রেখে যায়। নিহত রাব্বি জাব্দীপুর এলাকার শাহ আলমের ছেলে। তবে তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়। তিনি দীর্ঘদিন ধরে মোস্তর মোড় এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।