খুলনা মহাসড়কে ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর-খুলনা মহাসড়কের শাখারিগাতী আফিল ব্রিকসের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আজিজুর রহমান ওরফে বাচ্চু জোয়ার্দ্দার (৪৫) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। গতকাল শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানিয়েছেন, আজিজুর রহমান ওরফে বাচ্চু জোয়ার্দ্দার একজন রাজমিস্ত্রি। একদিন সকাল সাড়ে ১০টার দিকে রূপদিয়া বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তার বাড়ি যশোর সদর উপজেলার ঘুনী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আহম্মদ আলী জোয়ার্দ্দারের পুত্র।
রফিকুল ইসলাম জানান, যশোর থেকে একটি বাস খুলনায় যাওয়ার সময় মোটরসাইকেলটি ধাক্কা দিলে আজিজুর রহমান রাস্তার উপর পড়ে যান। এ সময় খুলনা থেকে বালি বোঝাই একটি ট্রাক যশোর আসার পথে তাকে চাপা দিলে আজিজুর রহমান পিষ্ট হন। পরে স্থানীয় লোকজন রাস্তায় ব্যারিকেট দিয়ে ট্রাকটি আটক করে হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। আজিজুর রহমানকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. সোহানুর রহমান সোহাগ তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানিয়েছেন, মহাসড়কের রূপদিয়া হতে হাটবিলা শাখারিগাতী পর্যন্ত ভয়ঙ্কর এলাকায় পরিণত হয়েছে। সেখানে কোন স্পিড বেকার নেই। ফলে বেপরোয়াগতিতে যানবাহন চলাচলের কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে এবং লোকজন প্রাণ হারাচ্ছে। গত ২০ এপ্রিল রূপদিয়া গ্রামের মইনুল হক (৪০), ৯ এপ্রিল শাখারিগাতী গ্রামের রফিকুল ইসলাম (৩৫) সড়ক দুর্ঘটনায় ওই এলাকায় প্রাণ হারিয়েছে।