খুলনায় ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী পালিত

0

খুলনা ব্যুরো ॥ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো খুলনা মহানগরী ফুলকুঁড়ি আসরের সূবর্ণজয়ন্তী। ‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো’ এই স্লোগানকে ধারণ করে জাতীয় শিশু কিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’ ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১০টায় খুলনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে খুলনা মহানগরী শিশুকিশোর-অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণীর আয়োজন করে।
মহানগরীর সাবেক সহকারী পরিচালক মেহেদী হাসান হেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. তবিবুর রহমান। উদ্বোধনী বক্তব্য রাখেন আসরের খুলনা মহানগরীর পরিচালক ইমরান হোসেন। মহানগরী শাখার উপদেষ্টা প্রফেসর ড. মো. শাহ্ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আসরের প্রধান পরিচালক ও বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কাউন্সিলর সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফুলকুঁড়ি আসর খুলনা মহানগরীর সহ-সভাপতি প্রফেসর ড. মো. হায়দার আলী বিশ্বাস ও অ্যাডভোকেট শেখ অলিউল ইসলাম এবং কোষাধ্যক্ষ ডা. এহসানুল কবীর। খুলনা বিভাগ থেকে আগত প্রায় পাঁচ শ শিশুকিশোর, অভিভাবক ও শুভাকঙ্খী নিয়ে নানা আয়োজনে উৎসবমুখর ছিল এই সুবর্ণজয়ন্তী উৎসব।