খুলনায় দুই সচ্ছল পরিবারকে অসচ্ছল মুক্তিযোদ্ধার ‘বীর নিবাস’ দেওয়ার সত্যতা মিলেছে

0

 

জামাল হোসেন, খুলনা॥ খুলনার দিঘলিয়া উপজেলায় দুটি সচ্ছল পরিবারকে দেওয়া হয় অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্যে বরাদ্দকৃত ‘বীর নিবাস’ নামক বাড়ি। ৫ সদস্যের কমিটির তদন্তে এ সংক্রান্ত গুরুতর অনিয়মের সত্যতা পাওয়া গেছে। সম্প্রতি তদন্ত রিপোর্ট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। তদন্তে পিতার পক্ষে সুবিধাভোগী কন্যা নাহিদা আক্তার ও স্বামীর পক্ষে সুবিধাভোগী স্ত্রী মর্জিনা বেগম (শিক্ষক লুৎফর রহমানের মা) সচ্ছল পরিবার এবং তারা নকশা পরিবর্তন করে ‘বীর নিবাস’র উপর ও পাশ সম্প্রসারণ কাজ করছেন বলেও উঠে এসেছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম। তিনি এ প্রতিবেদককে বলেন, ‘বীর নিবাস’ সংক্রান্ত বিষয়ে যাচাই-বাছাই করতে মন্ত্রণালয় থেকে একটি রিপোর্ট দিতে বলা হয়। আমরা সেই রিপোর্টটি দিয়েছি। রিপোর্টে নাহিদা আখতার ও মর্জিনা বেগম ‘সচ্ছল’ এবং তারা সরকারি বাড়ি নকশা পরিবর্তন করে সম্প্রসারণ করেছেন বলে সত্যতা পাওয়া গেছে।