খুলনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

0

 

খুলনা ব্যুরো॥খুলনায় ট্রাকের ধাক্কায় স্বরূপ কুমার দাস (৪২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার ভোরে নগরীর আড়ংঘাটা থানার শহীদের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বরূপ কুমার দাস বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামের হরিদাস কুমার দাসের ছেলে।
এলাকাবাসী সূত্র জানায়, স্বরূপ কুমার দাস রূপসা সেতুর বাইপাস সড়ক দিয়ে গিলাতলার দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগামী মাল বোঝাই ট্রাক (যশোর ট- ১১- ৪৪৩৪১০) নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে স্বরূপ কুমার দাস গুরুতর আহত হন। এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান বলেন, সকাল পৌঁনে ৭টার দিকে এলাকাবাসী থানায় দুর্ঘটনার খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক স্বরূপ কুমার দাসকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, স্বরূপ কুমার দাস মোটরসাইকেলে ঝিনাইদাহ যাচ্ছিলেন। তিনি সেখানে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। প্রতিদিন খুব ভোরে তিনি বাগেরহাটের ফকিরহাটের বাড়ি থেকে ঝিনাইদাহ গিয়ে অফিস করতেন। ট্রাকটি স্থানীয় জনগণ আটক করতে পারলেও চালক ও হেলপারকে আটক করতে পারেনি।