খালেদা জিয়া স্মরণে নাগরিক শোকসভা শুরু

0
শোকসভায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। এছাড়াও উপস্থিত আছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভা আজ শুক্রবার বেলা আড়াইটায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শুরু হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন নির্ধারিত অনুষ্ঠানস্থলে দুপুরের পর থেকেই আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেন।

শোকসভায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। এছাড়াও উপস্থিত আছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের উচ্চপদস্থ কূটনীতিকরা অংশগ্রহণ করেছেন। নির্দিষ্ট আমন্ত্রণপত্র ছাড়া সভাস্থলে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

শোকসভাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড ও আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। স্বেচ্ছাসেবক হিসেবে শৃঙ্খলার দায়িত্ব পালন করছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া। পরদিন তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে দাফন করা হয়।