খালেদা জিয়ার মৃত্যুতে ঢাবিতে ৩ দিনের শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ও মর্যাদা প্রদর্শনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। শোক পালনের অংশ হিসেবে আজ মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ক্লাস এবং পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

এই তিন দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবনগুলোতে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হবে। রাষ্ট্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরিস্থিতির প্রেক্ষাপটে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।