খালেদা জিয়ার আসনে প্রার্থী দিলো এনসিপি

0
খালেদা জিয়ার আসনে প্রার্থী দিলো এনসিপি। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫টি আসনে প্রাথমিকভাবে মনোনয়ন ঘোষণায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঘোষিত আসন দিনাজপুর-৩ থেকেও প্রার্থী দিয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেন এই তালিকা ঘোষণা করেন।

ঘোষিত তালিকা অনুযায়ী, দিনাজপুর-৩ আসনে এনসিপির মনোনয়ন পেয়েছেন দলটির দিনাজপুর জেলা আহ্বায়ক আ হ ম শামসুল মুকতাদির।

এই আসনটিতে বিএনপি তাদের প্রার্থী হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম ঘোষণা করেছে। এছাড়া, আসনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মইনুল আলমও প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উল্লেখ্য, এর আগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, খালেদা জিয়ার কোনো আসনে এনসিপি প্রার্থী দেবে না। কিন্তু এই ঘোষণার মধ্য দিয়ে দলটি তাদের পূর্বের অবস্থান থেকে সরে এলো।