কয়রায় অন্যের বয়স্ক ভাতা তুলে নেওয়ার অভিযোগ

0

কয়রা(খুলনা)সংবাদদাতা॥ কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের খিরোল গ্রামের মোছা. জুলেখা বিবি নামের এক বয়োবৃদ্ধ নারীর বয়স্ক ভাতার টাকা প্রতারণা করে উত্তোলনের অভিযোগ উঠেছে আমাদি ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য হাসানুর রহমান ও তার ভাই আক্তার মোড়লের বিরুদ্ধে । এই ঘটনা নিয়ে এলাকা জুড়ে মানুষের মাঝে সমালোচনা শুরু হয়েছে। এ বিষয়ে বিধবা ভাতাভোগী জলেখা বিবির ছেলে আইয়ুব আলী মল্লিক বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে আইয়ুব আলী বলেন, জলেখা বিবি আমাদী ইউনিয়ন পরিষদ হতে যাচাই-বাছাই হয়ে বয়স্ক ভাতার তালিকায় অন্তর্ভুক্ত হন। পরবর্তীতে তালিকায় টাকা পাওয়ার জন্যে আমার মায়ের নগদের মোবাইল নম্বর দেওয়া হয়। কিন্তু তালিকাভুক্তির ২১ মাস ধরে আমার মায়ের মোবাইলে বয়স্ক ভাতার টাকা আসেনি। এ বিষয়ে মেম্বার হাসানুরকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমার মায়ের নামে বয়স্ক ভাতা দেওয়া হয়নি। পরে আমরা জানতে পারি আমার মায়ের বয়স্ক ভাতার টাকা ০১৯৫৪০৯৪৫৭৬ নম্বর মোবাইল ফোনে চলে যাচ্ছে । তখন আমরা উল্লেখিত নাম্বারটি যাচাই-বাছাই করি ও উপজেলা সমাজসেবা অফিসে গিয়ে জানতে পারি এটা স্থানীয় ইউপি সদস্য হাসানুর রহমানের ভাই আক্তার মোড়লের। ওই মোবাইল ফোনে ৭ কিস্তিতে মোট ১২,৮১০ টাকা ঢুকেছে।
এ বিষয়ে জানতে ইউপি সদস্য হাসানুর রহমানের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। কয়রা উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।