‘ক্রসফায়ারে’ একরাম হত্যা মামলায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন পেশ

0
'বন্দুকযুদ্ধের' নামে ঠান্ডা মাথায় হত্যার অভিযোগ: একরামুল হক হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়ায় বড় অগ্রগতি ।। ছবি: সংগৃহীত
২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে পৌর কাউন্সিলর ও যুবলীগের সাবেক সভাপতি একরামুল হককে ‘ক্রসফায়ারে’ হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।

মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১১ জনকে অভিযুক্ত করে এই প্রতিবেদন জমা দেওয়া হয়।

রোববার (২৬ জুলাই) সকালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আলোচিত এই মামলার তদন্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে দাখিল করে প্রসিকিউশন টিম।

উল্লেখ্য, ২০১৮ সালে দেশজুড়ে শুরু হওয়া বিতর্কিত মাদকবিরোধী অভিযানের চলাকালে ২৬ মে রাতে টেকনাফের মেরিন ড্রাইভ রোডের নোয়াখালীপাড়া এলাকায় র‌্যাবের সঙ্গে তথাকথিত ‘বন্দুকযুদ্ধে’ তিনবারের নির্বাচিত কাউন্সিলর একরামুল হক নিহত হন।

ঘটনার পর থেকেই একরামুলকে ‘ঠান্ডা মাথায়’ হত্যা করা হয়েছে বলে দাবি করে আসছিল তার পরিবার।

হত্যাকাণ্ডের পর ওই বছরের ৩১ মে কক্সবাজারের এক সংবাদ সম্মেলনে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান একরামুলের স্ত্রী আয়েশা বেগম।

একই সাথে তিনি একরামুলের মৃত্যুর মুহূর্তের মোবাইলে রেকর্ডকৃত অডিও ক্লিপ সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন। প্রকাশিত অডিও রেকর্ডে পিস্তলের ট্রিগার টানা, পরপর তিনটি গুলির শব্দ এবং পরবর্তী সময়ে মানুষের গোঙানির আওয়াজ শোনা গিয়েছিল, যা সে সময় সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।