ক্যাফে ঝটপটে তেলাপোকা, যশোরে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের মুুজিব সড়কের (আইনজীবী সমিতি ভবনের দক্ষিণে) কাফে ঝটপটে অভিযান চালিয়ে সেখানে তেলোপোকাসহ অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার দুপুরে পরিচালিত এই অভিযানে ওই ফাস্টফুডের প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মনিরামপুরে ৩টি বেকারিতে অভিযান চালিয়ে নানা অনিয়মের কারণে আরো ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

ওই দফতরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, দুপুরে যশোর শহরের মুজিব সড়কের কাফে ঝটপটে তদারকিমূলক অভিযান চালানো হয়। এ সময় ঝটপটের রান্নাঘরে চরম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পাওয়া যায়। তেলাপোকার উপস্থিতি ছিলো। এ কারণে কাফে ঝটপট কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, পরে মনিরামপুরে অভিযান চালানো হয়। অভিযানে নানা অনিয়ম দেখতে পাওয়ায় ৩টি বেকারিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে আজমীর বেকারিকে ২০ হাজার টাকা, রাফি-সিয়াম বেকারিকে ১০ হাজার টাকা ও বনফুলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্রে জানা যায়, অভিযানে প্রতিষ্ঠানের খাদ্যপণ্যের মান, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং মূল্যতালিকা যাচাই করা হয়। অনিয়ম প্রমাণিত উল্লিখিত ৪ প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।