কোরবানির পশুবাহী যানবাহনে হাটের নামের ব্যানার বাধ্যতামূলক

0

বিশেষ প্রতিনিধি,লোকসমাজ :
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কোরবানির পশুবাহী ট্রাক বা ছোট যানবাহনে কোন হাটের উদ্দেশ্যে পশু নিয়ে যাওয়া হচ্ছে, তা ব্যানার বা কাপড়ে লিখে প্রদর্শন করা বাধ্যতামূলক করা হয়েছে। সড়ক বা মহাসড়কে যানজট এড়ানো, পশুর গন্তব্য নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলার দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীকে সহায়তার লক্ষ্যে এবারই প্রথম মন্ত্রণালয় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘অমিত্রাক্ষর’-এ আয়োজিত এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এ তথ্য জানান।
সভার শুরুতে মন্ত্রণালয় নির্দেশিত বিভিন্ন নিয়মাবলী ও সিদ্ধান্তসমূহ বিস্তারিত আলোচনা করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আঞ্চলিক বা জাতীয় মহাসড়কের উপর এবং সড়ক সংলগ্ন কোনো এলাকায় পশুর হাট বসানো যাবে না। সড়কে কোনোভাবেই পশু ওঠানো-নামানো বা দাঁড়িয়ে ইজারাদাররা চাঁদা ও টোল আদায় করতে পারবে না, যাতে যানজট ও সড়ক শৃঙ্খলা বিঘ্নিত না হয়।
পাশাপাশি কোরবানি সম্পন্ন হওয়ার পর পৌরসভা ও ইউনিয়ন কাউন্সিলের পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করতে হবে এবং পরিবেশ সুরক্ষায় ব্যক্তি পর্যায়েও বর্জ্য অপসারণের জোর আহ্বান জানানো হয়। এবারও যশোর পৌরসভায় কোরবানি করার জন্য ৪০টি স্থান নির্ধারিত থাকবে। এছাড়া পশুর চামড়া জাতীয় সম্পদ হওয়ায় তা রক্ষায় প্রান্তিক পর্যায়ের সংরক্ষক ও ক্রেতাদের সরকারের পক্ষ থেকে লবণ বরাদ্দ দেওয়া হয়েছে এবং মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের প্রশিক্ষণের মাধ্যমে চামড়া সংরক্ষণে পারদর্শী করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও ডিডিএলজি রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, র‌্যাব ও বিজিবির প্রতিনিধিদল, যশোর প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, রাজারহাট চামড়া ব্যবসায়ী সমিতির নেতা আলাউদ্দীন মুকুল এবং রাজারহাট চামড়া ব্যবসায়ী সমিতির নেতা মোমিনুল মজিদ পলাশ প্রমুখ।