কোটচাঁদপুর থেকে চুরি হওয়া ৪০ব্যারেল বিটুমিন উদ্ধার, তিন চোর আটক

0

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কোটচাঁদপুরে রাস্তার কাজের জন্য রাখা ৪০ ব্যারেল বিটুমিন চুরির ৫দিন পর উদ্ধার হয়েছে। কোটচাঁদপুর মডেল থানা পুলিশ তিন চোরকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত চোরদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন মাতুব্বর জানান- কোটচাঁদপুরের ঠিকাদার ওলিয়ার রহমান উপজেলার হরিণদিয়া গ্রাম থেকে মামুনশিয়া রাস্তার কাজের জন্য ৪০ ব্যারেল বাংলা বিটুমিন (পিচ) ক্রয় করে বলুহর রোডের মইদুল মিয়ার পরিত্যাক্ত ইট ভাটায় রেখেছিলেন। গত ১৯ ডিসেম্বর রাতের কোন এক সময় ওই ৪০ব্যারেল বিটুমিন উধাও হয়ে যায়। পরে ঠিকাদার ওলিয়ার রহমান বিটুমিনের কোন খোঁজ না পেয়ে ওই রাতে অজ্ঞাত আসামী দেখিয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ করেন। ২৩ ডিসেম্বর গভীর রাতে অভিযান চালিয়ে তিন চোরকে গ্রেপ্তার করে পুলিশ এবং তাদের দেয়া তথ্য মতে ঝিনাইদহ থানাধীন গীলাবাড়ীয়া এলাকা থেকে ওই ৪০ ব্যারেল বিটুমিন উদ্ধার হয়। কোটচাঁদপুর পৌর শহরের আদর্শ পাড়ার বাসিন্দা শরিফুল ইসলাম (৪৫), বানিয়া পাড়ার মামিনুর রহমান (৪৪), একই গ্রামের আকরাম হোসেন (৪৮)।
বিষয়টি নিয়ে ভুক্তভোগী ঠিকাদার ওলিয়ার রহমান বলেন- আমরা সাধারণত রাস্তা’র কাজের জন্য বিটুমিনসহ অন্যান্য সামগ্রী এভাবে খোলা জায়গায় রেখে আসছি। কখনো বিটুমিন চুরি হতে দেখিনি বা চুরিও হয় না। এই ৪০ ব্যারেল বিটুমিন গত ১১ডিসেম্বর চট্রগ্রাম থেকে ৫ লাখ টাকা দিয়ে ক্রয় করে এনে ছিলাম। যা চোরেরা পাওয়ার টিলার যোগে চুরি করে নিয়ে গিয়েছিলো। ৪০ ব্যারেল বিটমিনই ঘটনার ৫দিনের মাথায় পুলিশ উদ্ধার করেছে।