কেশবপুরে বিধবার বসতবাড়ি ভাঙচুর

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ কেশবপুরে বরনডালি গ্রামে এক বিধবাকে উচ্ছেদ করতে মারধরসহ বসতবাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কেশবপুর সেনাক্যাম্প কমান্ডারের কাছে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের বরনডালি গ্রামের মৃত আসলাম সরদারের স্ত্রী বিধবা আনজু আরা বেগম ২ বছর আগে স্বামীর ওয়ারেশ সূত্রে পাওয়া ৮ শতক জমির ওপর বসতবাড়ি নির্মাণ করেন। তার তিন মেয়ে ছাড়া কোনো ছেলে সন্তান নেই। মেয়েরা সবাই স্বামীর সংসার করছে। তিনি নাতনি আখিনুরকে নিয়ে স্বামীর সম্পত্তিতে বসবাস করছেন। তার ছেলে সন্তান না থাকায় দেবর শাহাজান সরদার ওই জমি তার দাবি করে বিভিন্ন সময় অত্যাচার- নির্যাতন করছেন।
এদিকে গত ৫ ফেব্রুয়ারি আনজু আরা বেগম বসতবাড়িতে রান্না ঘরের নির্মাণ কাজ শুরু করেন। এ নিয়ে শাহাজান সরদারের সাথে তার বিরোধ শুরু হয়। এরই জেরে ৯ ফেব্রুয়ারি দুপুরে শাহাজান সরদার তার স্ত্রী তহমিনাসহ লোকজন নিয়ে আনজু আরা বেগমকে উচ্ছেদ করতে মারপিট করে বাড়ির সীমানা প্রাচীর, নির্মাণাধীন রান্না ঘর ভেঙে ক্ষতিসাধন করেন। এ ঘটনার প্রতিকার চেয়ে ৯ ফেব্রুয়ারি আনজু আরা বেগম শাহাজান সরদারকে বিবাদী করে সেনাক্যাম্প কমান্ডার বরাবরে লিখিত অভিযোগ করেন।
এ ব্যাপারে ত্রিমোহিনীর এসআই মাসুম বলেন, বিধবা আনজু আরা বেগমের বসতভিটা ভাঙচুর ও মারধরের ঘটনাটি শুনেছি। সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।