কেশবপুরে কলাবাগান থেকে কৃষকের মরদেহ উদ্ধার

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুরে কিবরিয়া শেখ (৩০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।  বৃহস্পতিবার সকালে উপজেলার হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি বিদ্যালয়ের পাশের একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, উপজেলার হাসানপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে কৃষক কিবরিয়া শেখ বুধবার রাতে হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি বিদ্যালয়ের পাশে থাকা তার হলুদের ক্ষেত পাহারা দিতে গিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে ওই হলুদের ক্ষেতের পাশের কলাবাগানে এলাকাবাসী তার মরদেহ পড়ে থাকতে দেখে। পরিবারের লোকজন ও পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করেন।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ওই ব্যক্তির মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন করার জন্য মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার দুপুরে যশোর মর্গে পাঠানো হয়েছে।