কেশবপুরের সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন: স্থগিত কেন্দ্রের ভোট গ্রহণ, বিজয় আলাউদ্দিন আলার

0

জয়দেব চক্রবর্ত্তী, কেশবপুর (যশোর)॥ গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিত কেশবপুর উপজেলার কেশবপুর সদর ইউনিয়নের নির্বাচনে বিশৃঙ্খলার অভিযোগে স্থগিত হওয়া একটি কেন্দ্রের ভোট গ্রহণ গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন আলা চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন। তিনি নৌকা সমর্থিত প্রার্থী গৌতম রায়কে ২০১ ভোটের ব্যবধানে পরাজিত করেন বলে বেসরকারি ফলাফলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সদর ইউনিয়নের ১০টি ভোট কেন্দ্রের ফলাফলে মোটরসাইকেল প্রতীকে আলাউদ্দিন আলা ৬ হাজার ১শ ২ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী গৌতম রায় ৫ হাজার ৯শ ভোট পান। অপরদিকে সংরক্ষিত মহিলা সদস্য পদে রাশিদা বেগম (তালগাছ প্রতীক) ও ২ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে সিরাজুল ইসলাম চতুর্থবার (তালা প্রতীক) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ৫ জন। এরা হলেন-বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন আলা (মোটরসাইকেল), আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গৌতম রায় (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম (চশমা), আনিছুর রহমান (হাতপাখা) ও মো. আয়ুব আলী (আনারস)। উপজেলা সহকারি রিটার্নিং অফিসার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন জানান, নির্বাচনে স্থগিত ২ নম্বর ওয়ার্ডের নুতনমুল গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ২ হাজার ১ শ ১৯ ভোটারের মধ্যে ১৭শ ২৮ ভোট দেন। এর মধ্যে বাতিলকৃত ব্যালট ৩১টি। নির্বাচনের ফলাফলে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী পেয়েছেন ১১শ ৭৩ ভোট। অন্যদিকে নৌকার প্রার্থী পান ৫শ ১৪ ভোট। এদিন উৎসবমুখর পরিবেশে স্থগিত কেন্দ্রের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশের উর্র্ধ্বতন কর্মকর্তাসহ র‌্যাবের একটি টিমকে কেন্দ্রে অবস্থান করতে দেখা গেছে। বিজয়ী চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন আলা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে মন্তব্য করেন। তিনি সকল ভোটারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন দোয়া চেয়েছেন।