কেপ ভার্দের স্বপ্নের পথচলা কি থামিয়ে দেবে আর্জেন্টিনা

0
মায়ামিতে শেষ ৩২-এর নকআউট ম্যাচকে সামনে রেখে আলবিসেলেস্তেদের নিবিড় অনুশীলন সেশন ।। ছবি: সংগৃহীত
ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের নিখুঁত যাত্রা শেষে এবার নকআউট বা শেষ ৩২-এর লড়াইয়ে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামীকাল শনিবার ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটার লক্ষে আলবিসেলেস্তেরা মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের অন্যতম ‘ডার্ক হর্স’ ও চমক জাগানো দল কেপ ভার্দের।
কাগজে-কলমে ম্যাচটি আর্জেন্টিনার জন্য সহজ মনে হলেও, স্পেন ও উরুগুয়ের মতো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিয়ে নকআউটে আসা কেপ ভার্দে ফুটবলীয় রূপকথা লিখতেই মাঠে নামবে।

আর্জেন্টিনার জন্য এই ম্যাচের আবেগ ও গুরুত্ব একটু ভিন্ন। কেননা, মায়ামি এখন মহাতারকা লিওনেল মেসির নিজের শহর। ৩৯ বছর বয়সে পা রাখা মেসি গ্রুপ পর্বেই ৬ গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ১৯ গোলের অনন্য রেকর্ডের মালিক হয়েছেন।

বর্তমান কোচ লিওনেল স্কালোনির অধীনে মেসি ৭৪ ম্যাচে ৫৮ গোল করে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন। কাকতালীয়ভাবে, আগামীকালকের ম্যাচটি আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ১০০তম মাইলফলকের ম্যাচ। এর আগের ৯৯ ম্যাচে ৭২ জয় ও মাত্র ৯ হার নিয়ে তিনি আলবিসেলেস্তে ইতিহাসের অন্যতম সফল স্থপতি।

ম্যাচের আগে স্কালোনি অবশ্য একাদশ সাজানো নিয়ে কিছুটা মধুর সমস্যায় আছেন। রক্ষণে নিকোলাস তাগলিয়াফিকো নাকি ফাকুন্দো মেদিনা খেলবেন, তা নিয়ে গুঞ্জন রয়েছে। পাশাপাশি ইনজুরি কাটিয়ে ক্রিস্টিয়ান রোমেরো ফিরবেন নাকি লিসান্দ্রো মার্তিনেজের পাশে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি থাকবেন—তা নিশ্চিত হবে আজকের শেষ অনুশীলনে।

আক্রমণে হুলিয়ান আলভারেজের চেয়ে জর্ডান ম্যাচে গোল পাওয়া লাওতারো মার্তিনেজ কিছুটা এগিয়ে আছেন। মাঝমাঠে রদ্রিগো দি পল, আলেক্সিস ম্যাক আলিস্টার, এনজো ফার্নান্দেজ ও থিয়াগো আলমাদার থাকা অনেকটাই নিশ্চিত।

অন্যদিকে, নেদারল্যান্ডস, পর্তুগাল, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া খেলোয়াড়দের নিয়ে গড়া এক অদ্ভুত মিশ্রণের দল কেপ ভার্দে। দলটির সহকারী কোচ উম্বের্তো বেতেনকোর্ত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মেসিকে আটকানোর বিশেষ কোনো ছক নয়, বরং দলীয় শক্তির ওপর ভর করেই তারা লড়বেন।

তিনি বলেন, “পরিসংখ্যান শুধু তত্ত্ব। আসল খেলা মাঠের চার দাগের ভেতরে হয়।” সব মিলিয়ে মায়ামিতে এক রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব।