কালীগঞ্জে লাউসহ ১০কাঠার গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

0

কালীগঞ্জ(ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কালীগঞ্জে নজির আহমেদ নামের এক কৃষকের ১০ কাঠা জমির লাউসহ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রামের মৃত তছের আলী মোল্লার ছেলে কৃষক নজির আহমেদের লাউক্ষেতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক নজির আহমেদ জানান,আমার বাড়ি থেকে ৭০০ ফুট উত্তরে নিজের চাষাবাদ করা ১০ কাঠা জমির লাউসহ গাছ রাতের আঁধারে কেটে দেয় দুর্বৃত্তরা। ওই জমিতে প্রায় ৭০ টি লাউ গাছ ছিল। আজও(শুক্রবার) ওই কাটা গাছ থেকে ১০০ টি লাউ বাজারে বিক্রি করেছি ১৭০০ টাকায়। এর আগেও আমি ৬ বার ওই জমি থেকে লাউ তুলে বাজারে বিক্রি করেছি। এভাবে লাউ গাছগুলো কেটে ফেলায় আমার অনেক টাকার ক্ষতি হয়ে গেল। শত্রুতামূলকভাবে কেউ এ ধরনের ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছেন কৃষক নজির আহমেদ। লাউ গাছ কাটার ঘটনায় তিনি কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, লাউগাছ কাটার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি । ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম।তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।