কাবুলে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলা; নিরাময়কেন্দ্রে ৪০০ প্রাণহানির দাবি তালেবান সরকারের

0
হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের উদ্ধারে কাজ করছেন আফগান উদ্ধারকারী দলের সদস্যরা।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদক নিরাময়কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান সরকার। গতকাল মঙ্গলবার তালেবানের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত এই দাবি করেন। তবে পাকিস্তানের পক্ষ থেকে এই অভিযোগকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ বলে প্রত্যাখ্যান করা হয়েছে।

তালেবান সরকারের দাবি অনুযায়ী, গত সোমবার রাত ৯টার দিকে কাবুলে ২ হাজার শয্যাবিশিষ্ট একটি মাদক পুনর্বাসন হাসপাতাল লক্ষ্য করে পাকিস্তান বিমান হামলা চালায়। এতে হাসপাতালের একটি বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয় এবং ৪ শতাধিক মানুষ প্রাণ হারান। হামলায় আরও প্রায় ২৫০ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হামদুল্লাহ ফিতরাত বলেন, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

অন্যদিকে, পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মধ্যরাতে এক বিবৃতিতে জানিয়েছে, তারা কাবুল ও নানগারহারে ‘নিখুঁতভাবে’ নির্দিষ্ট সামরিক স্থাপনা এবং সন্ত্রাসী সহায়তা অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছিল। পাকিস্তানের দাবি, এসব গোলাবারুদের গুদাম ও প্রযুক্তিগত সরঞ্জাম আফগান এবং পাকিস্তানি তালেবানরা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার করছিল।

পাকিস্তান আরও দাবি করেছে, বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে অত্যন্ত সতর্কতার সঙ্গে লক্ষ্যবস্তু নির্বাচন করা হয়েছিল। মূলত সীমান্তের সন্ত্রাসবাদ থেকে বিশ্ববাসীর নজর ঘোরাতেই তালেবান মাদক নিরাময়কেন্দ্রে হামলার নাটক সাজিয়েছে বলে দাবি ইসলামাবাদের। গত এক মাস ধরে প্রতিবেশী এই দুই দেশের মধ্যে সীমান্ত সংঘাত ও সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগে পাল্টাপাল্টি বিমান হামলায় উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে।