কল্যাণপুরে খাল: ১৭৩ একর জমির মধ্যে ১৭০ একরই দখলে

0

লোকসমাজ ডেস্ক॥ রাজধানীর কল্যাণপুরে ১৭৩ একর জমির মধ্যে ১৭০ একর জমি অবৈধ দখলে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) কাউন্সিল হলে এক সেমিনারে তিনি এ কথা জানান। বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটি এ সেমিনারের আয়োজন করে। ডিএনসিসি মেয়র বলেন, কল্যাণপুরে খালের জমি উদ্ধারে শিগগিরই অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। আর সেখানে ইকোপার্ক, ইয়ুথ ক্যাম্পসহ হাতিরঝিলের মতো লেক তৈরি হবে। এই লেক ব্যবহার করা হবে বৃষ্টির পানি নামানোর জন্য।
অবৈধ দখলদারদের হুঁশিয়ারি করে তিনি বলেন, খাল দখল করে অবৈধভাবে ভবন তৈরি করেছেন। আপনারা নিজ ইচ্ছায় ভবন সরিয়ে নিন। না হয় আমরা সব ভেঙ্গে ফেলব। শিগগিরই আমার উচ্ছেদ কার্যক্রম শুরু করব। যেসব ভবনে রেইন ওয়াটার হার্ভেস্টিংয়ের ব্যবস্থা থাকবে, সেসব ভবন মালিকদেরকে বিশেষ হোল্ডিং কর রেয়াত দেওয়া হবে বলে ঘোষণা দেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, প্রকৃতিকে ধ্বংস করার কারণেই প্রকৃতি এখন প্রতিশোধ নিচ্ছে। তাই প্রকৃতিকে আর ধ্বংস নয়, সবাই মিলে রক্ষা করতে হবে। এখন নগরীর জলাবদ্ধতা নিরসন এবং দূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান প্রফেসর হোসেন মনসুরের সভাপতিত্বে সেমিনারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।