কলারোয়ায় হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

0

কলারোয়া(সাতক্ষীরা)সংবাদদাতা॥ সাতক্ষীরার কলারোয়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শাহরিয়ার হোসেন তুরান নামে এক সাবেক ছাত্রদল নেতাকে পিটিয়ে আহত করার ১ মাস ৫ দিন পর মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে মারা যান তিনি।

মৃত তুরান কুশোডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও গোয়ালচাতর গ্রামের মৃতআব্দুল হামিদ সরদারের ছেলে।

মৃত তুরানের চাচা আব্দুর রশিদ সরদার জানান, গত ১২ ফেব্রুয়ারি রাত আটটার দিকে তুরান উপজেলার কাজিরহাট বাজারের মাংস ব্যবসায়ী কেরালকাতা ইউনিয়নের কাউরিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মনিরুল ইসলামের দোকানে পাওনা টাকা চাইতে যান।এ সময় মনিরুল টাকা দেবেন না বলে তালবাহানা শুরু করলে উভয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে বাজারের লোকজন এসে তাদের দুইজনকেই থামিয়ে দেন। কিছুক্ষণ পর মাংস ব্যবসায়ী মনিরুল তুরানের দোকানের সামনে গিয়ে তুরানকে ইট দিয়ে মাথায় আঘাত করেন। এতে তুরান জখম হন। পরে বাজারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় এক ডাক্তারের কাছে চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেন।

তিনি আরও বলেন, মাথায় আঘাতের কারণে তার ভাইপো তুরান ২৪ ফেব্রুয়ারি রাত ১১ টার দিকে স্ট্রোক করেন। তাকে খুলনা সিটি হাসপাতালে ভর্তি করে মাথায় অপারেশন করা হয়। সেখান থেকে বাড়ি আসার পর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।