কলারোয়ায় সাড়ে ২৪ হাজার টাকার জাল নোটসহ দুই ব্যক্তি আটক

0

 

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ কলারোয়ায় ২৪ হাজার ৫শ টাকার জাল নোটসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় জাল টাকা ছাপানোর মেশিন জব্দ করা হয় তাদের কাছ থেকে। গত শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলার পৌর সদরের ঝিকরা গ্রামে একটি প্লাস্টিক সামগ্রীর দোকান থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের সিনেমা হল মোড় এলাকার আবুল কাশেমের ছেলে কবিরুল ইসলাম (৩০) ও একই গ্রামের মিজানুর রহমানের ছেলে জুয়েল হোসেন (২৭)।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঝিকরা গ্রামের কবিরুলের প্লাস্টিকের দোকানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকানি কবিরুল ও তার সহযোগী জুয়েল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে আটক করে। পরে কবিরুলের দেহ তল্লাশি করে ২১ হাজার জাল টাকা ও জুয়েলের কাছ থেকে ৩ হাজার ৫ শ জাল টাকা জব্দ করা হয়। পরে ওই দোকান থেকে জাল টাকার নোট তৈরির একটি কালো রংয়ের কালার প্রিন্টার মেশিন যার গায়ে ইফসন লেখা উদ্ধার করাসহ আটককৃতদের থানায় নিয়ে আসা হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে। শনিবার দুপুরে তাদের সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।