কলারোয়ায় সাংবাদিককে মারধরের ঘটনায় থানায় মামলা

0

কলারোয়া(সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়ায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দৃশ্য ক্যামেরায় ধারন করায় সাংবাদিক খান নাজমুল হুসাইনকে মারধর করার ঘটনায় মামলা হয়েছে। গত শুক্রবার রাতে কলারোয়া থানায় এ মামলা হয়। যার নং- ৯, তারিখ-৬/৫/২০২২ ইং।
মামলার আসামিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ঘরচালা গ্রামের মৃত রশিদ মোল্যার ছেলে মিলন মোল্যা (৩৫), একই গ্রামের লতিফ মোড়লের ছেলে লাল্টু মোড়ল (৩০) এবং কলারোয়া উপজেলার কাসিয়াডাংগা গ্রামের শহিদুল ইসলাম সরদারের ছেলে কামাল সরদার (৩২)।
মামলার বিবরণে জানা যায়, কলারোয়া উপজেলার মুরারিকাটি মোস্তাকের মৎস্য ঘের থেকে দীর্ঘ দিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মিলন মোল্যা, লাল্টু মোড়ল ও কামাল সরদার বালু উত্তোলন করছে। গত ২ মে দুপুরে সাংবাদিক নাজমুল খান ঘটনা স্থলে পৌঁছে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দৃশ্য ক্যামেরায় ধারণ করেন। এ সময় বালু উত্তোলনের সাথে জড়িতদের পক্ষ থেকে ক্যামেরায় তোলা ছবি ডিলিট করতে বলা হয়। তারা ক্ষিপ্ত হয়ে নাজমুলকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায় নাজমুলের ক্যামেরা কেড়ে নিয়ে তাদের হাতে থাকা লোহার রড ও লাটি সোটা দিয়ে নাজমুল ও তার সহযোগী কামরুলকে মারধর করে। পরে স্থানীয়রা আহতবাস্থায় তাদেরকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
এ বিষয়ে কলারোয়া থানার ওসি নাসির উদ্দীন বলেন, সাংবাদিক লাঞ্চিত করার ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে পাশাপাশি আসামিদের ধরার চেষ্টা অব্যাহত আছে।