করোনা লকডাউনের পর কেন পারছেন না রোনালদো?

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসের পর সিরি-আ শুরু হওয়ার হওয়ার আগেই কোপা ইতালিয়া দিয়ে ইতালিতে ফুটবল ফিরেছিল। প্রথমদিনই মাঠে নামে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস। কোপা ইতালিয়া সেমিফাইনালের ফিরতি লেগে এসি মিলানের মুখোমুখি হয়। সবার আশা ছিল, দীর্ঘদিন পর মাঠে ফিরে নিজেকে উজাড় করে দেবেন রোনালদো। তার পায়ের ঝলক দেখার জন্য টিভির সামনে বসেছিল কোটি ফুটবল সমর্থক। কিন্তু করোনার কারণে ফুটবল বন্ধ হওয়ার আগের রোনালদোকে আর খুঁজে পাওয়া গেলো না। পুরোপুরি নিষ্প্রভ। এমনকি পেনাল্টি পর্যন্ত মিস করেছেন তিনি। গোলশূন্য ড্র করলেও অ্যাওয়ে গোলের সুবাদে ফাইনালে উঠে যায় রোনালদোর জুভেন্টাস।
ফাইনালে তারা মুখোমুখি হলো ন্যাপোলির। আগের ম্যাচে না’ই বা পারতে পারেন। পরের ম্যাচে তো নিজের সেরাটা বের করে দেবেন সিআর সেভেন। কিন্তু পর্তুগিজ তারকা যথারীতি এই ম্যাচেও পুরোপুরি ফ্লপ। নিজেকে মেলেই ধরতে পারেননি। তার নিষ্প্রভ পারফরম্যান্স পুরো দলের ওপরই প্রভাব ফেললো। কোনো গোল করতে পারলো না তারা। গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের দৃঢ়তায় টাইব্রেকার পর্যন্ত গেলো ম্যাচ। সেখানে হেরে যেতে হলো রোনালদোদের। শটটাও নেওয়ার সুযোগ পেলেন না তিনি। টানা গুরুত্বপূর্ণ দুই ম্যাচে রোনালদোর এমন নিষ্প্রভ হওয়া দেখে অনেকেই বলতে শুরু করে দিয়েছেন, লকডাউনে নিজেকে হারিয়ে ফেলেছেন রোনালদো। তবে জুভেন্টাস কোচ মাওরিসিও সারি খুঁজলেন আসল কারণ। কেন তার দলের সেরা ফুটবলার এভাবে নিষ্প্রভ হয়ে গেলেন? তিনি ফর্মে ফিরতে না পারলে তো লিগের বাকি অংশের তাদের সামনে বিপদ।
জুভেন্টাস কোচ কারণ খুঁজে বের করেছেন, ‘রোনালদো এই মুহূর্তে শারীরিকভাবে তার নিজের সেরা অবস্থানে নেই।’ অর্থ্যাৎ বিশ্বের অন্যতম সেরা তারকা এখন শারীরিকভাবে পুরোপুরি ফিট নন।’ তবে সারি জানিয়েছেন, তিনি রোনালদোর সঙ্গে কথা বলেছেন। তিনি নিজের ব্যাপারে বেশ আশাবাদী, যে খুব শিগগিরই ফর্ম ফিরে আসবে তার। সারি বলেন, ‘আমি গতকালই রোনালদোর সঙ্গে একা দীর্ঘক্ষণ এসব বিষয় নিয়ে কথা বলেছি। সে কোনোভাবেই নিজের আত্মবিশ্বাস হারায়নি। আমি বিশ্বাস করি, এই আত্মবিশ্বাসেই পরের ম্যাচে রোনালদো তার নিজে সেরা ফর্মে ফিরে আসবে। শুধুমাত্র, সে এখন শারীরিকভাবে নিজের সেরা অবস্থায় নেই।’