আনভীর ক্রিকেট স্টেডিয়ামে সন্তুষ্ট বিসিবি, ২২ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ

0
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে সন্তুষ্ট বিসিবি, ২২ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ
এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম সোমবার পরিদর্শন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি দল - সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক, লোকসমাজ : আন্তর্জাতিক দলের প্রস্তুতি ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত হচ্ছে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই দিনের প্রস্তুতি ম্যাচ সামনে রেখে ভেন্যুটির মাঠ, উইকেট, ড্রেসিংরুম, চিকিৎসাসেবা ও গণমাধ্যমের সুযোগ-সুবিধা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধি দল।

আগামী ২২ ও ২৩ অক্টোবর আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই দিনের প্রস্তুতি ম্যাচ। এ আয়োজন সামনে রেখে সোমবার স্টেডিয়ামের সার্বিক প্রস্তুতি ও অবকাঠামোগত সুবিধা পর্যালোচনা করেন বিসিবির ছয় সদস্যের প্রতিনিধি দলের কর্মকর্তারা। পরিদর্শনে কিছু ক্ষেত্রে সামান্য পরিবর্তন ও উন্নয়নের প্রয়োজনীয়তাও চিহ্নিত করা হয়েছে।

বিসিবির গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখে। পরিদর্শন শেষে ভেন্যুটির সুযোগ-সুবিধা এবং আয়োজক প্রতিষ্ঠানের সহযোগিতার প্রশংসা করেন তিনি।

সৈয়দ আব্দুল বাতেন বলেন, বেসরকারি প্রতিষ্ঠানের নিজস্ব ভেন্যুতে বিসিবির প্রস্তুতি ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা এবারই প্রথম। এ উদ্যোগের জন্য এবিজি স্পোর্টস সিটিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এটা অসাধারণ একটি ভেন্যু। আমরা অনেক দিন ধরেই খেলাধুলার আয়োজনের সঙ্গে যুক্ত। তবে এই প্রথম বিসিবি এ ধরনের একটি ওয়ার্ম-আপ ম্যাচ কোনো প্রতিষ্ঠানের নিজস্ব ভেন্যুতে আয়োজন করছে।’

স্টেডিয়ামের সুযোগ-সুবিধা সম্পর্কে তিনি বলেন, উইকেট, আউটফিল্ড, ড্রেসিংরুম, চিকিৎসা ও লজিস্টিক সুবিধা, সাংবাদিকদের বসার জায়গা এবং সংবাদ কাভারেজের ব্যবস্থা পর্যালোচনা করা হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। যেসব জায়গায় সামান্য পরিবর্তন বা উন্নয়ন প্রয়োজন, সেগুলোও চিহ্নিত করা হয়েছে।

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ আয়োজনকে ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্রিকেট পরিচালনার সক্ষমতা যাচাইয়ের সুযোগ হিসেবে দেখছে সংশ্লিষ্টরা। এবিজি স্পোর্টস সিটিতে আরও একটি ক্রিকেট মাঠ নির্মাণের কাজ চলছে। পাশাপাশি রয়েছে অনুশীলনের সুযোগ-সুবিধা।

এ প্রসঙ্গে সৈয়দ আব্দুল বাতেন বলেন, ‘দুই দিনের এই প্রস্তুতি ম্যাচ আমাদের জন্য একটি টেস্ট কেস। বসুন্ধরায় আরও একটি মাঠ তৈরি হচ্ছে। তাদের ভালো অনুশীলন সুবিধাও রয়েছে।’

পরিদর্শনকালে এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান, এবিজির সিনিয়র জেনারেল ম্যানেজার লেফটেন্যান্ট কর্নেল শোয়েব শফিকসহ প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজনকে এবিজি স্পোর্টস সিটি ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামের জন্য গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করেন পরিচালক মো. ইমরুল হাসান। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুই দিনের একটি ম্যাচ হবে। এবিজি স্পোর্টস সিটি ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামের জন্য এটি অবশ্যই গৌরবের বিষয়।’

বিসিবির প্রতিনিধি দলকে স্টেডিয়ামের মাঠ, ড্রেসিংরুম, সাংবাদিকদের কক্ষ ও মেডিকেল রুমসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেখানোর কথা জানিয়ে ইমরুল হাসান বলেন, বিসিবি এ ধরনের আয়োজন করতে অভ্যস্ত হলেও তাঁদের প্রতিষ্ঠান এ ক্ষেত্রে নতুন। তাই বিসিবির দিকনির্দেশনা নিয়েই প্রস্তুতির কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। প্রতিনিধি দলের কর্মকর্তাদের কথাবার্তা থেকে তাঁদের সন্তুষ্টির বিষয়টি বুঝতে পেরেছেন বলেও জানান তিনি।

এর আগে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বয়সভিত্তিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মাঠটিতে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় একাদশের ম্যাচও আয়োজন করা হয়। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দলের অংশগ্রহণে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছে ভেন্যুটি।

বিসিবির প্রতিনিধি দলের পরিদর্শন ও আসন্ন প্রস্তুতি ম্যাচকে আনভীর ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামো, ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ ক্রিকেট আয়োজনের সক্ষমতা যাচাইয়ের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।