কমিটি ঘোষণার পর যশোরে বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনে বিভেদ

0

স্টাফ রিপোর্টার ॥ বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলন যশোর জেলা কমিটির ঘোষণার একদিন পর সংবাদ সম্মেলন করে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন কমিটির যুগ্ম-আহ্বায়ক মাসুম বিল্লাহ। কমিটিতে স্থান পাওয়া অনেকে নৈতিকতার দিক দিয়ে প্রশ্নবিদ্ধ বলে অভিযোগ তুলে তিনি অব্যহতির ঘোষণা দেন। এর আগে গত মঙ্গলবার রাশেদ খানকে আহ্বায়ক এবং জেসিনা মুর্শীদ প্রাপ্তীকে সদস্য সচিব করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল। ওই কমিটিতে মাসুম বিল্লাহকে এক নাম্বার যুগ্ম-আহ্বায়ক করা হয়। কমিটি অনুমোদনের পত্রটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে আপলোড করা হয়।
সংবাদ সম্মেলনে মাসুম বিল্লাহ বলেন, ‘আমি শুরু থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলোনের সাথে আছি। মঙ্গলবার যশোর জেলার কমিটি ঘোষণা হয়। কমিটিতে এমন অনেককেই রাখা হয়েছে যারা সমাজের কাছে নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ এবং তাদের মানবিক গুণাবলীও প্রশ্নবিদ্ধ। এই কমিটির অধীনে কাজ করলে আমার নৈতিক গুণাবলীর অধঃপতনের আশংকা করছি। কিন্তু ছোটবেলা থেকে নৈতিকতার প্রশ্নে আমি কখনও আপোষ করিনি। যাদের আপত্তিকর ভিডিও ভাইরাল হয়, ছাত্রলীগের সাথে জড়িত তারা বড় বড় পদ-পদবী পেয়েছে। যশোরে বৈষম্য বিরোধীর দুটি গ্রুপ ছিল একটি রাশেদ খানের এবং একটি আমার। রাশেদ খানর গ্রুপের অধিকাংশ এ কমিটিতে স্থান পেয়েছে কিন্তু আমার গ্রুপের কেউ এ কমিটিতে স্থান পায়নি।’
তবে বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলন থেকে পদত্যাগ করলেও শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবির সাথে থাকার ঘোষণা দেন তিনি।
এদিকে ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অব্যহতি নেওয়া মাসুম বিল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আন্দোলন করা শিক্ষার্থীদের নিয়ে গ্রুপিং সৃষ্টি করে বলে অভিযোগ ওঠে। একইসাথে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তার জড়িত থাকার অভিযোগও ওঠে। এ সকল অভিযোগের ব্যাপারে মাসুম বিল্লাহ প্রতিবেদককে বলেন, ‘আমি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম আমাকে অভিযোগটা দেখান। যশোরে আমার আর রাশেদের দুটি গ্রুপ ছিল।’
এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহবায়ক রাশেদ খান বলেন, ‘কমিটি কেন্দ্র ঘোষণা করেছে। এখানে বিতর্কিত কাউকে স্থান দেওয়া হয়নি। যারা প্রকৃত অর্থে আন্দোলন করেছে তারাই এই কমিটিতে স্থান পেয়েছে। ‘মাসুম বিল্লাহ’র ছাত্রত্ব নেই। তার ছাত্রত্ব আরও পাঁচ বছর আগে শেষ হয়েছে। তবুও সিনিয়রিটি মেইনটেইন করে তাকে কেন্দ্র যুগ্ম আহবায়ক পদ দিয়েছিল।’ ঘোষিত কমিটিতে আছেন, মুখ্য সংগঠক আব্দুল্লাহ আল-মামুন লিখন, মুখপাত্র ফাহিম আল-ফাত্তাহ, যুগ্ম আহবায়ক বিএম আকাশ, সাদেকা শাহানী উর্মী, সাহেদ মোহাম্মদ রিজভী, হাবিব আহমেদ শান, রেজওয়ান রনি, আহমদ হাকিম, মোহাম্মদ ফরিদ হাসান, দেবব্রত দাস। যুগ্ম সদস্য সচিব জান্নাতুল ফুয়ারা অন্তরা, সাঈদ শান, সাদমান বিন কবির, সামিউল ইসলাম শিমুল, রেজওয়ান হোসেন আকাশ, মারুফ হাসান, সাগর আহমেদ হৃদয়, আসলাম উদ্দিন রবিন, জান্নাতুল ফাতেমা অনন্যা, এস এম দেলেনুর কবির। সংগঠক করা হয়েছে রুদ্র ব্যানার্জী, জুনায়েদ বিন জামান, জাহিদ হাসান, নয়ন আহমেদ, মোহাম্মদ সোয়েব আক্তার, তানভীর সংগ্রাম, মেজবাউর রহমান রামিম, ইব্রাহিম খলিল।