‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা নেবেন প্রাথমিক শিক্ষকরা

0
কমলমতি শিক্ষার্থীদের কথা ভেবে 'কমপ্লিট শাটডাউন' স্থগিত করলেন প্রাথমিক শিক্ষকরা ।। ছবি: সংগৃহীত
লোকসমাজ ডেস্ক ॥ দেশব্যাপী চলা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শিক্ষক নেতারা জানিয়েছেন, আগামীকাল রোববার (৭ ডিসেম্বর) থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা (তৃতীয় প্রান্তিক মূল্যায়ন) নেওয়া হবে।

শনিবার (৬ ডিসেম্বর) শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ যৌথভাবে এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায়।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, “শিক্ষকদের নৈতিকতা, মানবিকতা এবং সন্তানতুল্য কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আগামী রোববার থেকে পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করা হলো।” উভয় পরিষদের আলোচনার ভিত্তিতে পরবর্তীতে আন্দোলনের নতুন কর্মসূচি দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

সহকারী শিক্ষকদের ন্যায্য তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গত ৩ ডিসেম্বর থেকে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতি বা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষকরা। শিক্ষকদের অভিযোগ ছিল, অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি (১১তম গ্রেড) সত্ত্বেও ২২ দিন অতিবাহিত হলেও তাঁদের দাবির বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি।

শিক্ষকদের মূল দাবির মধ্যে ছিল:

—দশম গ্রেডের দাবির বিপরীতে আপাতত অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি
—উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান জটিলতার অবসান
—সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।