কপিলমুনিতে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে মাছ চাষ

0

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা॥ পাইকগাছা উপজেলার কপিলমুনিসহ প্রতিটা ইউনিয়নের গ্রামের পানি নিষ্কাশনের মাধ্যম ড্রেন- খাল – নদীতে বাঁধ ও নেটপাটা দিয়ে মাছ চাষের ফলে পানি নিষ্কাশনের পথ বন্ধের পথে। বর্ষা মৌসুমে নদীর বাঁধ নেটপাটা অপসরণের জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
স্থানীয় বাদুড়িয়া গ্রামের মোবারেক আলী সানা জানান, নৈর নদী চাঁদখালী ইউনিয়নের মধ্যে দিয়ে মিনহাজ নদীতে পড়েছে। নদীটি প্রায় ৩ কিলোমিটার দৈর্ঘ্য। কানাখালী মৎস্য সমবায় সমিতি এর ইজারা নিয়েছে। ইজরাদারের পক্ষে নদীটি দেখাশুনা করেন গোলক চন্দ্র মন্ডল। তিনি বাঁধ ও নেটপাটা দিয়ে ৩০ /৩৫ খন্ড করে প্রতি খন্ড টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন। নাছিরপুর খাসখাল দীর্ঘদিন ইজারার মাধ্যমে নেটপাটা দিয়ে দখল করে রেখেছে ইজারাদার।
এলাকাবাসী আরো জানায়, এসব ইজারাদারের মাধ্যমে নামমাত্র টাকা আদায় করছে সরকার। নেটপাটা দিয়ে মাছ চাষের ফলে পাইকগাছার সব ইউনিয়নের গ্রামগুলোর পানি নিষ্কাশন বন্ধের পথে। অপরিকল্পিতভাবে নেটপাটা ও বাঁধ দিয়ে মাছ চাষ করার ফলে এলাকা পানিবন্দি হয়ে ফসলসহ এলাকার কাঁচা ঘরবাড়ি নষ্ট হচ্ছে।
স্থানীয় মাছুম মোড়ল জানান, নৈর নদী দিয়ে চাঁদখালী ইউনিয়নের গজালিয়া, কালুয়া, বাদুড়িয়া গড়ের আবাদ, চৌমুহনী, হাঁড়িয়া ডাঙ্গা, কমলাপুর,মৌখালী,কাঁটা বুনিয়াসহ প্রায় ৩০টি গ্রামের পানি নিষ্কাশন হয়।
হরিঢালীর আলতাপ হোসেন জানান, নাছিরপুর খালের পাশে প্রায় ৪০টা গ্রাম রয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ থাকায় কৃত্রিম জলাবদ্ধতার শিকার হচ্ছি আমরা। তা ছাড়া নেটপাটা দিয়ে নদীতে মাছ চাষের ফলে পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে।
হরিঢালীর প্যনেল চেয়ারম্যান মুজাহিদ হাজরা ও স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম সরদার বলেন, আমার ওয়ার্ডের মধ্যে জমিতে মাছ চাষ করতে গিয়ে সরকারি রাস্তার বাঁধ পর্যন্ত দিচ্ছে জমির মালিক জাহাঙ্গীর হাজরা। নৌর নদীর এ বাঁধ ও নেটপাটা দিয়ে মাছ চাষের ফলে প্রতিবছর ধান ও বীজতলা নষ্ট হয়।
চাঁদখালী ইউনিয়নের চেয়ারম্যান শাহাজাদা মো. আবু ইলিয়াস আইনশৃংখলা ও সমন্বয় সভায় এটি উত্থাপন করবেন বলে জানান। নদ -নদী- খালের নেটপাটা অপসারণ করা হবে বলে জানান উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ।
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ আল আমিন বলেন, খালে-নদীতে বাঁধ বা নেটপাটা দিয়ে মাছ চাষ করা যাবেনা। যদি কেউ নেটপাটা অথবা বাঁধ দিয়ে মাছ চাষ করে তাহলে সেগুলো অপসারণ করা হবে।