ওসমান হাদির খুনি ফয়সালের দুই সহযোগী ভারতে আটক

0
ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্তের অগ্রগতি তুলে ধরছেন অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের তদন্তে বড় ধরনের অগ্রগতির তথ্য দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। হত্যাকাণ্ডে সরাসরি জড়িত মূল ঘাতক ফয়সাল করিম ওরফে দাউদ খানের দুই সহযোগী ‘পুত্তি’ এবং ‘স্বামী’ ভারতের মেঘালয়ে আটক হয়েছে। আজ রোববার (২৮ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।

ডিএমপি জানায়, এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। মূল সন্দেহভাজন ফয়সাল করিম বর্তমানে ভারতের মেঘালয়ে অবস্থান করছে। মেঘালয় পুলিশের সঙ্গে ‘অনানুষ্ঠানিক চ্যানেলে’ যোগাযোগ করে তাকে সহায়তাকারী দুই সহযোগীকে আটক করা হয়েছে।

এখন পর্যন্ত এই মামলায় মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ তদন্তে ২১৮ কোটি টাকার চেক, ৫৩টি ব্যাংক অ্যাকাউন্ট, বিদেশি পিস্তল ও ৫২ রাউন্ড গুলিসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করেছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে মামলার অভিযোগপত্র (চার্জশিট) প্রস্তুত করা হবে এবং ৭ জানুয়ারির মধ্যে তা চূড়ান্ত করা হবে।

তবে মূল ঘাতক ফয়সালকে গ্রেপ্তার করা সম্ভব না হওয়ায় হত্যার সঠিক কারণ বা ‘মোটিভ’ এখনো নিশ্চিত হওয়া যায়নি। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পল্টনে জুমার নামাজ শেষে ফেরার পথে হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি শাহাদাত বরণ করেন।