এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ ১০ আগস্ট

0
২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।। ছবি: সংগৃহীত
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট ২০২৬ প্রকাশ করা হবে।
আজ সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ২০ জুলাই এ পরীক্ষার ফলাফল প্রকাশের কথা ছিল। তবে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় ফল প্রকাশের তারিখ পিছিয়ে দেওয়া হয়।

এর আগে গত ১৮ জুলাই বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন যে ২০ তারিখে ফলাফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না, তবে জুলাই মাসের মধ্যেই তারা ফল প্রকাশের জন্য প্রস্তুত রয়েছেন।

এর আগে গত ৮ জুন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ২০ জুলাই প্রকাশ করা হবে এবং সে অনুযায়ী সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে শেষ মুহূর্তে প্রস্তুতি বিলম্বিত হওয়ায় আগের নির্ধারিত তারিখে ফলাফল প্রকাশ করা যায়নি।

উল্লেখ্য, চলতি ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিলে, যা শেষ হয় ২০ মে। তত্ত্বীয় পরীক্ষা শেষে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়।

এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।