এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই ‘স্ত্রীর’ লাশ

0
রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের 'দ্বিতীয় স্ত্রী' মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্ত ও মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।। ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন এমপি হোস্টেলের (ন্যাম ভবন) একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ‘দ্বিতীয় স্ত্রী’ মরিয়ম খাতুনের (১৯) লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে মরিয়মকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাৎক্ষণিকভাবে মরিয়ম খাতুনের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা সম্ভব হয়নি।

এর আগে গত জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা ও বিতর্কের মুখে পড়েন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এ ঘটনার পরপরই নৈতিক স্খলনের অভিযোগে তাঁকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়।

দলটির পক্ষ থেকে তখন এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, নৈতিক স্খলনের দায়ে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই আলোচিত বিতর্কের দু’মাসের মাথায় এমপি ভবনে এই মৃত্যুর ঘটনা নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।