এমপি গাজী নজরুলের ভাইরাল ভিডিও বিতর্ক: তথ্য-উপাত্ত সংগ্রহের পর সাংগঠনিক পদক্ষেপের ঘোষণা জামায়াতের

0
বাংলাদেশ জামায়াতে ইসলামী ।। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঘটনার সার্বিক তথ্য-উপাত্ত সংগ্রহের পর দলের সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

আজ মঙ্গলবার দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর এই অবস্থানের কথা স্পষ্ট করেন।

বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের উল্লেখ করেন, অতি সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে সকল খবর প্রকাশিত হয়েছে, তার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নজর রাখছে। তিনি জানান, ইতোমধ্যেই এ বিষয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নিজের বক্তব্যসহ তাঁর প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর বাবার ভিডিও বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিষয়টি নিয়ে দলীয় পর্যায়ে আরও বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। ঘটনাটির প্রকৃত সত্যতা ও তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ শেষে দলের সুনির্দিষ্ট সাংগঠনিক বিধিমালা অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার, তা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গতকাল সোমবার রাত থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের একটি ‘ব্যক্তিগত মুহূর্তের’ সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে সংসদ সদস্যকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। এ নিয়ে জেলাজুড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে চরম তোলপাড় শুরু হয়েছে।