এভারেস্টে ভয়াবহ তুষারঝড়ে আটকা পড়েছে ১ হাজার পর্যটক

0

লোকসমাজ ডেস্ক ॥ তিব্বতের পূর্ব পাশে মাউন্ট এভারেস্ট এলাকায় তীব্র তুষারঝড়ের কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে। এর ফলে প্রায় ১ হাজার পর্যটক ও অভিযাত্রী সেখানে আটকা পড়েছেন।

রোববার (৫ অক্টোবর) স্থানীয় গ্রামবাসী ও উদ্ধারদকারী দলগুলো অঞ্চলের প্রবেশপথ পরিষ্কার করার কাজ করছেন।

জিমু নিউজের এক প্রতিবেদন অনুসারে, তুষারপাতের কারণে ৪ হাজার ৯০০ মিটার (১৬ হাজার ফুট) উচ্চতায় অবস্থিত এই এলাকার প্রবেশপথ পরিষ্কারের জন্য শত শত স্থানীয় গ্রামবাসী এবং উদ্ধারকারী মোতায়েন করা হয়েছে। পাহাড়ে থাকা কিছু পর্যটককে ইতোমধ্যেই নামিয়ে আনা হয়েছে।

স্থানীয় টিংরি কাউন্টি ট্যুরিজম কোম্পানির অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে প্রকাশিত নোটিশ অনুসারে, শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় তুষারপাত শুরু হয়েছিল এবং শনিবার অব্যাহত ছিল। ফলে শনিবার রাত থেকে টিকিট বিক্রি এবং এভারেস্ট সিনিক এরিয়ায় প্রবেশ স্থগিত করা হয়েছে।