প্রতিকূলতাই আমাদের সেরা খেলাটা বের করে আনে : স্কালোনি

0
সেমিফাইনাল শেষে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি (বাঁয়ে) ও ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন পরস্পরকে আলিঙ্গন করছেন - এএফপি

স্পোর্টস ডেস্ক, লোকসমাজ : ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনের জয়ে ফিফা বিশ্বকাপের ফাইনালে ওঠার পর দলের অদম্য মানসিকতার প্রশংসা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তার ভাষায়, প্রতিকূল পরিস্থিতিতে পড়লেই আর্জেন্টিনা নিজেদের সেরা খেলাটা খেলতে পারে।

বুধবার আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে প্রথমে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে স্কালোনি বলেন, ইংল্যান্ড এগিয়ে যাওয়ার পর রক্ষণাত্মক হয়ে পড়ে, আর সেই সুযোগই কাজে লাগিয়েছে তার দল।

“আমার মনে হয়, এই দলটি সবচেয়ে ভালো খেলে যখন আমরা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হই। ম্যাচটি ছিল কঠিন, পরিস্থিতিও ছিল কঠিন,” বলেন স্কালোনি।

তিনি বলেন, “আমাদের মনে হয়েছিল জয়টা হাতের নাগালেই আছে। আমরা ক্রসবারে বল মেরেছি, পোস্টে লেগেছে, তবু গোল আসছিল না। ছয়-সাতটি সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু দল শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছে, আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

নকআউট পর্বে এটি দ্বিতীয়বারের মতো পিছিয়ে থেকে জয় পেল আর্জেন্টিনা। এর আগে শেষ ষোলোতে মিশরের বিপক্ষেও নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছিল তারা। সেই ম্যাচকে স্কালোনি ‘মহাকাব্যিক’ বলে উল্লেখ করেছিলেন।

সেমিফাইনালের এই জয়কে কীভাবে বর্ণনা করবেন— এমন প্রশ্নের জবাবে হাসতে হাসতে তিনি বলেন, “তাহলে এটাকে বলা যায় ‘মহাকাব্যেরও বর্গ’ (Epic Squared)!”

স্কালোনির মতে, এই সাফল্যের মূল শক্তি দলগত ঐক্য। তিনি বলেন, “এই দলটাকে ব্যাখ্যা করা কঠিন। এটি আমাদের সম্মিলিত শক্তি, ভ্রাতৃত্ববোধ এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাওয়ার মানসিকতার প্রতিফলন।”

২০২২ বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জয়ের পর স্কালোনির সামনে এখন টানা চারটি বড় শিরোপা জয়ের সুযোগ। রোববার নিউ জার্সিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা।

নিজের খেলোয়াড়দের মানসিক দৃঢ়তার প্রশংসা করে স্কালোনি বলেন, “আমি ছেলেদের চিনি। তারা কোনো কিছুতেই ভয় পায় না। তাদের কাঁধে কোনো চাপ নেই। তারা যেন সাত-আট বছরের শিশুর মতো খেলছে। গোল মিস করলে কী হবে বা সেমিফাইনাল-ফাইনালের চাপ কী— এসব তারা ভাবেই না।”