একান্ত সাক্ষাতকারে যশোরের বিশিষ্টজনদের অভিমত: খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্যে সরকারের দ্রুত পদক্ষেপ নেয়া উচিত

0

তহীদ মনি ॥ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিদেশে উন্নত চিকিৎসার জন্যে সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন যশোরের রাজনৈতিক সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। লোকসমাজকে দেয়া সাক্ষাতকারে তারা এমন অভিমত ব্যক্ত করেন। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির (মাওবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ নৈতিক কারণে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার জন্যে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন নানা জটিল রোগে ভুগছেন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রত্যেক নাগরিকের চিকিৎসা পাওয়া গণতান্ত্রিক অধিকার। তিনি অন্তরীণ, তাই তাঁর সুচিকিৎসার দায়িত্ব সকারের ওপর বর্তায়। প্রয়োজনে তাঁর উন্নত চিকিৎসার জন্যে বিদেশে পাঠানোর দায়িত্ব সরকারকে নিতে হবে। তিনি আরও বলেন, আমাদের দেশের শাসক শ্রেণির নেতা এবং মন্ত্রী এমপি সর্দি-কাশির জন্যে চিকিৎসা নিতে বিদেশে ছুটে যান। অথচ, একজন বয়োজ্যৈষ্ঠ নাগরিক একাধিকবারের প্রধানমন্ত্রী, একটি রাজনৈতিক প্রধান দলের এই স্বাভাবিক অধিকারটুকুও পাচ্ছেন না। এটা দুঃখজনক। তিনি বলেন, তাঁর সুচিকিৎসার বিলম্বের কারণে কোনো অনভিপ্রেত অবস্থার সৃষ্টি হলে সরকারকেই দায় নিতে হবে। এ প্রসঙ্গে তিনি দেশে বর্তমান ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা, লুটপাট, দুর্নীতির বিভিন্ন দিক উল্লেখ করে নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জানান সরকারের প্রতি। ন্যাপের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাড. এনামুল হক রাজনৈতিক রেশারেশি ও ইস্যু সৃষ্টির প্রবণতা থেকে সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানান এবং বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার পক্ষে মত দেন। তিনি বলেন, অতীত তিক্ততা থেকে সবাইকে বেরিয়ে এসে দেশের জন্যে ও জনগণের জন্যে কাজ করতে হবে। আগামী বাংলাদেশকে দ্রুত সুন্দর করার জন্যে উদার ও মানবিকক রাষ্ট্র গঠন করতে হবে। আইনের বাধা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার পক্ষে অভিমত ব্যক্ত করেন তিনি। জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি বলেন, আইনের মধ্যে থেকেই আরো উন্নত চিকিৎসা দেয়া হলে ভালো হবে।
জাতীয় পার্টির (এরশাদ) সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি অ্যাড. মাহবুব আলম বাচ্চু বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থা না হওয়ায় অনেকটা ক্ষোভ প্রকাশ করেন। তিনি আইনমন্ত্রীর ‘আইনের দিক’ খোঁজার বিষয় উল্লেখ করে বলেন, একজন সিনিয়র সিটিজেন চিকিৎসা অধিকর পাবেন এটা রাষ্ট্রীয় দায়িত্ব। মামলা বিচার নানা দিক থাকতে পারে তা নিয়ে যুক্তি-প্রযুক্তি থাকতে পারে। কিন্তু চিকিৎসা আগে। তিনি বেগম খালেদা জিয়ার বয়স, শারীরিক অবস্থা, সার্বিক বিচার বিবেচনা করে এখনই তাঁর বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানান। তিনি বলেন, সরকার প্রধান, রাষ্ট্র প্রধান চাইলে ফাঁসির দন্ড মওকুফ করতে পরেন আর এটাতো চিকিৎসা। তিনি সরকারকে আরও উদার ও মানবিক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জটিলতা যদি কোথাও থাকে, সেটা সরকারকেই সমাধান করতে হবে।
এ প্রসঙ্গে তিনি যুদ্ধকালীন বাংলাদেশ পরবর্তী অবস্থা,্ উল্লেখ করে প্রতিহিংসার রাজনীতি পরিহার করার আহ্বান জানান।
যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সর্বশেষ নির্বাচিত কমান্ডার, মুক্তিযুদ্ধকালীন সংসদের সর্বশেষ নির্বাচিত কমান্ডার মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোরের মুজিববাহিনীর ডেপুটি কমান্ডার রাজেক আহমেদ মনে করেন, বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা পাওয়া উচিত। যশোর জেলা জাসদের কার্যকরী সভাপতি, মুক্তিযুদ্ধকালীন মুজিববাহিনীর ডেপুটি কমান্ডার অ্যাড. রবিউল আলম বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা পাওয়ার অধিকার স্বীকার করে বলেন, তাঁর রোগের অবস্থা কোন পর্যায়ে রয়েছে এটা জানা দরকার। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানকার ডাক্তারদের মত দরকার। তিনি বলেন, যেহেতু খালেদা জিয়া মামলার রায়ের কারণে অন্তরীণ। তাই এক্ষেত্রে আদালতের অনুমতি এবং সরকারের সদিচ্ছা ও অনুমোদনের প্রয়োজন রয়েছে।
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি যশোর জেলা সভাপতি মুক্তিযোদ্ধা মশিয়ুর রহমান বলেন, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকেই বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার দায়িত্ব নিতে হবে। তিনি মুক্তিযুদ্ধকালীন জেড ফোর্স প্রধান, সেক্টর কমান্ডার মেজর জিয়ার ভূমিকা উল্লেখ করে বলেন, সে সময় সাধারণ মানুষ সর্বাত্মকভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার পেছনে তাঁর বিরাট অবদান রয়েছে। বেগম খালেদা জিয়া একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও সাবেক প্রেসিডেন্টের স্ত্রী, বাংলাদেশের একাধিকবারের প্রধানমন্ত্রী, একটি বৃহৎ রাজনৈতিক দলের নেত্রী সর্বোপরি একজন সিনিয়র সিটিজেন। যে কোনো বিবেচনায় তিনি উন্নত চিকিৎসা পাওয়ার অধিকার রাখেন। তিনি এ বিষয়ে কোনো রাজনৈতিক ইস্যু সৃষ্টি না করে বেগম খালেদা জিয়াকে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে এখনিই বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানান। সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার পক্ষে মত প্রকাশ করেন। তিনি বলেন, এবারের প্রধানমন্ত্রী, সেক্টর কমান্ডার ও ডেড ফোর্সের প্রধান, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী তিনি। সাবেক রাষ্ট্রতির স্ত্রী। সর্বোপরি একজন সিনিয়র সিটিজেন। যে কোনো বিবেচনায় তিনি উন্নত চিকিৎসা পাওয়ার অধিকার সংরক্ষণ করেন। প্রতিহিংসার কারণে তার চিকিৎসা থেকে বঞ্চিত। করা কারো কাম্য হতে পারে না। সরকারের উচিত চিকিৎসার মতো মৌলিক বিষয়ে অহেতুক বিতর্ক না করা। তিনি খালেদা জিয়ার বয়স এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বিবেচনা করে তার উন্নত চিকিৎসার জন্যে বিদেশে পাঠানোর ব্যবস্থা করার আহ্বান জানান। এছাড়াও যশোরের আরও কয়েকজন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা এবং সুধিজন বেগম খালেদা জিয়ার চিকিৎসার স্বার্থে বিদেশে পাঠানোর পক্ষে মত দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে তারা জানিয়েছেন, আমরা অনেকে কিছু হলে ভ্যালোরে, কোলকাতায়, সিঙ্গাপুরে যাই, বেগম জিয়া এর আগেও সৌদি আরবে চিকিৎসা নিতেন। বর্তমানে তিনি জটিল রোগে আক্রান্ত। এ অবস্থায় তাঁর ইচ্ছাকেও মূল্য দেয়া উচিত। প্রত্যেকেই সুস্থ হয়ে বাঁচতে চায়। সে হিসেবে চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে তার ইচ্ছা ও মানসিকভাবে প্রাধান্য দিতে হবে। তার উন্নত চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে সকল প্রতিবন্ধকতা দূর করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।