এই সিদ্ধান্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী নেবেন, আমরা তাঁর সফরের অপেক্ষায় আছি : ভারতের হাইকমিশনার

0
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।। ছবি: সংগৃহীত
ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য ভারতের আমন্ত্রণে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফরে যাবেন কি না, তা সম্পূর্ণ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিষয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তবে ভারত সরকার অধীর আগ্রহে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় রয়েছে এবং নিকট ভবিষ্যতে এই সফর অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আজ বুধবার বিকেলে রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সাথে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন ভারতের হাইকমিশনার।

ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে এটিই ছিল দীনেশ ত্রিবেদীর প্রথম প্রাতিষ্ঠানিক বৈঠক।

বৈঠকটি অত্যন্ত উষ্ণ ও বন্ধুভাবাপন্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জানিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, আলোচনায় দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ের পাশাপাশি খেলাধুলা ও ক্রিকেট নিয়েও কথা হয়েছে। বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা কার্যক্রম পুনারম্ভের বিষয়টি উল্লেখ করে তিনি জানান, এটি দুই দেশের জনগণের জন্যই অত্যন্ত সুবিধাজনক সিদ্ধান্ত। বাংলাদেশ ও ভারতের মধ্যে কেবল ভৌগোলিক সীমান্ত নয়, রয়েছে অভিন্ন সংস্কৃতি, ইতিহাস ও যৌথ স্বপ্নের মেলবন্ধন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার স্পষ্ট করেন যে, ব্রিকস সম্মেলন প্রসঙ্গে বৈঠকে সরাসরি কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, ব্রিকসে যোগ দেওয়ার বিষয়টি বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন। তবে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করা হচ্ছে।

উল্লেখ্য, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়া দিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে যোগ দেওয়ার জন্য বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ওই আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশ সম্মেলনে অংশ নেবে কি না, সে বিষয়ে এখনও সরকার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।