এই দেশ বসবাসকারী সকল ধর্মের মানুষের : অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার আয়োজনে রোববার নরেন্দ্রপুর পূর্বপাড়া সার্বজনীন মন্দির প্রাঙ্গণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই বিশ্বাস নিয়ে আমরা বিএনপি করি। এই দেশ একক কোনো ধর্মের নয়, এই ভূখণ্ডে বসবাসকারী সকল ধর্মের মানুষের। এই যশোরে তরিকুল ইসলামের সন্তান হিসেবে আমার যতখানি অধিকার রয়েছে, আপনার (সনাতন ধর্মাবলম্বী) সন্তানেরও ঠিক ততখানি অধিকার রয়েছে। প্রত্যেকেরই স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার রয়েছে।

এ দেশের সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ মিলেমিশে নিজ নিজ ধর্ম পালনের পাশাপাশি ধর্মীয় সম্প্রীতির সাথে বসবাস করে আসছে। কিন্তু ফ্যাসিস্টের শাসনামলে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বিনষ্ট হয়।

ফ্যাসিস্টের পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে বিএনপি আগামীর বাংলাদেশ গড়তে চায়।

সনাতন ধর্মীয় নেতা পলাশ কুমার দে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার আহ্বায়ক অ্যাড. দেবাশীষ দাস, সদস্য সচিব নির্মল কুমার বিট, যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সুদীপ্ত কুমার ঘোষ, নরেন্দ্রপুর ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি মোহন লাল দাস, সদস্য সন্তোষ কুমার দে, সতী কিশোর চক্রবর্তী, শম্ভু নাথ দে প্রমুখ।