ঈদ সামনে রেখে যশোরে দেদারছে ঢুকছে মাদক

0

স্টাফ রিপোর্টার ॥ ঈদকে সামনে রেখে যশোরে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা মাদকের মজুদ গড়ে তুলছে। বিভিন্ন পন্থায় ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা এনে যশোরে মাদক ব্যবসায়ীদের আস্তানায় পৌঁছে দেওয়া হচ্ছে। বেনাপোল ও চৌগাছা সীমান্ত দিয়ে ভারত থেকে নিয়ে আসা হচ্ছে ফেনসিডিল ও গাঁজা। আর টেকনাফ থেকে আসছে হাজার হাজার পিস ইয়াবা ট্যাবলেট।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্র জানায়, যশোরে ডিলার হিসেবে পরিচিত কুখ্যাত মাদক ব্যবসায়ীরা ঈদ সামনে রেখে এখন মজুদ গড়তে ব্যস্ত সময় পার করছেন। মোবাইল ফোনে মহাজনদের কাছে মাদকের অর্ডার দিয়ে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দিচ্ছেন যশোরের মাদক ব্যবসায়ীরা। টাকা পাওয়ার পর বিভিন্ন পন্থায় মহাজনরা ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজার চালান পৌঁছে দিচ্ছেন।
সূত্র জানায়, যশোরে ডিলার হিসেবে পরিচিত কয়েকজন ফেনসিডিল ব্যবসায়ী রয়েছেন। এর মধ্যে শহরের ষষ্ঠীতলার রেজা, পুরাতন কসবা গোলামপাড়ায় শেখর, শরিফুল, ও আমিরুল, শহরতলীর খোলাডাঙ্গায় খোঁড়া কামরুল, সুজলপুরে শরীফ অন্যতম। তবে ফেনসিডিলের মূল্য বেশি হওয়ায় যশোরে মাদকসেবীদের মধ্যে ইয়াবার চাহিদা বেড়ে যাওয়ায় ব্যবসায়ীর সংখ্যাও বাড়ছে। শহরের চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টির কুখ্যাত শিলি, হোসেন আলী মরা, আসমা বেগম, সাহিদা, ষষ্ঠীতলায় কথিত বন্দুকযুদ্ধে নিহত হাফিজুর রহমান মরার স্ত্রী রেখা, মৃত বাচ্চু ড্রাইভারের স্ত্রী জবা, রেলগেটের ডালিম, চোরমারা দিঘিরপাড় এলাকার টিয়া, রেলগেট পশ্চিমপাড়া শিউলী, রেলগেট শাহরিয়ার হোটেলের পেছন এলাকা সুমি, পূর্ব বারান্দী মাঠপাড়ার কসাই মনি, রেল রোড ফুড গোডাউন এলাকার শুভ, ধর্মতলা হ্যাচারিপাড়ার ছোটবাবু প্রমুখ যশোরে ইয়াবা ট্যাবলেটের ডিলার হিসেবে পরিচিত। ইয়াবা ট্যাবলেটের পাশাপাশি গাঁজা পাইকারি বিক্রি করে থাকেন চাঁচড়া রায়পাড়ার কুখ্যাত শিলি, রেলগেট পশ্চিমপাড়ার শিউলী ও পূর্ব বারান্দীপাড়ার কসাই মনি।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিবি পুলিশের একজন কর্মকর্তা জানান, পিকআপ, ব্যাটারিচালিত ভ্যান, মোটরসাইকেল, প্রাইভেটকারে অভিনব পন্থায় লুকিয়ে ফেনসিডিল নিয়ে আসেন মাদক ব্যবসায়ীরা। বেনাপোল সীমান্তের পুটখালীসহ কয়েকটি স্পটে এবং চৌগাছা আন্দুলিয়া সীমান্তে ভারত থেকে অবৈধ পথে ফেনসিডিল আনার পর পিকআপ, ব্যাটারিচালিত ভ্যান, মোটরসাইকেল, প্রাইভেটকারে গোপন স্থানে অভিনব কায়দায় ফেনসিডিল লুকানো হয়। এরপর যশোরে মাদক ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়া হয় ফেনসিডিলের চালান।
পুুলিশের কথিত একজন সোর্স জানান, ঝিকরগাছায় শিশির নামে এক ব্যক্তির অন্তত ৫টি প্রাইভেটকার রয়েছে। এই গাড়িগুলো ফেনসিডিল বহনে ব্যবহার করা হয়। তার গাড়িতে করে ইতোমধ্যে ফেনসিডিলের কয়েকটি চালান পৌঁছে গেছে যশোরের মাদক ব্যবসায়ীদের কাছে। সূত্র জানায়, ফেনসিডিল বহনের ক্ষেত্রে স্কুলব্যাগও ব্যবহার করা হয়। বড় সাইজের একটি ব্যাগে ৪০ থেকে ৫০ বোতল ফেনসিডিল নিয়ে মোটরসাইকেলে করে মাদক ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এই মাদক বাহকরা ভিন্ন পথ দিয়ে বেনাপোল ও চৌগাছা থেকে ফেনসিডিল নিয়ে আসেন।
চাঁচড়া রায়পাড়ার একটি সূত্র জানায়, টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেটের চালান আসে যশোরে। এখানকার ডিলাররা স্থানীয়ভাবে পাইকারি বিক্রির পাশাপাশি বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেটের চালান পাঠিয়ে থাকেন। যশোর থেকে যাওয়া ইয়াবা ট্যাবলেটের এ ধরনের একটি চালানসহ ৩ প্রাইভেটকার আরোহী গত ১৬ এপ্রিল পুলিশের হাতে আটক হয়েছেন।
ঈদকে সামনে রেখে যশোরে মাদক ব্যবসায়ীদের তৎপরতা বেড়ে যাওয়ায় এ সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে অতিরিক্ত পুলিশ সুপার ক-সার্কেল জুয়েল ইমরান জানান, মাদকের বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানা এলাকায় পুলিশের জোরালো অভিযান চলছে। ইতোমধ্যে পুলিশ উল্লেখ পরিমাণ মাদকদ্রব্যসহ কয়েকজনকে আটক করেছে। কারো কাছে মাদকদ্রব্য আছে এমন খবর পেলে অভিযান চালানো হচ্ছে। তিনি আরও জানান, মাদক ব্যবসা বন্ধে এবং মাদকদ্রব্য উদ্ধারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।