মাগুরায় মদপানে দুই যুবকের মৃত্যু

0

শালিখা (মাগুরা) সংবাদদাতা: মাগুরার শ্রীপুরে মদপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে তাঁদের মৃত্যু হয়। তবে ময়নাতদন্তের আগে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক।

মৃত দুই যুবক হলেন শ্রীপুর উপজেলার দমখোলা গ্রামের আজম লস্করের ছেলে আলমগীর লস্কর এবং গয়েশপুর ইউনিয়নের মালদা গ্রামের বিনোদ বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাস (২৮)।

স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, দুর্গাপূজার বিজয়া দশমীর রাতে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের সার্বজনীন দুর্গামন্দির থেকে তাঁরা অ্যালকোহলযুক্ত পানীয় পান করেন। এরপর দুজনই অসুস্থ হয়ে পড়েন।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, অসুস্থ আলমগীর লস্করকে তাঁর বন্ধুরা প্রথমে বাড়িতে পৌঁছে দেন। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাঁকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, বিধান বিশ্বাস অসুস্থ হয়ে পড়লে স্বজনরা রাত সাড়ে ৩টার দিকে তাঁকে একই হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বিধান বিশ্বাসের কাকিমা সুপ্রিয়া সাহা জানান, বিজয়া দশমীর রাতে বন্ধুদের সঙ্গে মদপানের পর বিধান অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান হোসেন বলেন, দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে কী কারণে তাঁদের মৃত্যু হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলী মিয়া বলেন, অতিরিক্ত মদপানের কারণে দুই যুবকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় মরদেহ দুটি মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে।