ইংল্যান্ড-আর্জেন্টিনা মহারণ: গ্যালারির দর্শকদের সামলাতে আটলান্টায় সতর্ক পুলিশ

0
সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে গ্যালারিতে আর্জেন্টিনার দাপট ।। ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বের অন্যতম চিরপ্রতিদ্বন্দ্বী ও রাজনৈতিকভাবে বৈরী দুই প্রতিপক্ষ ইংল্যান্ড ও আর্জেন্টিনা এবার মাঠে মুখোমুখি হতে যাচ্ছে। আটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালের এই হাইভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় আগামী বুধবার রাত একটায় শুরু হবে। মাঠের লড়াইয়ের পাশাপাশি দুই দেশের ঐতিহাসিক ও রাজনৈতিক বৈরিতার প্রেক্ষাপট মাথায় রেখে গ্যালারির দর্শকদের সামলাতে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিশ্চিদ্র নিরাপত্তার প্রস্তুতি নিচ্ছে আটলান্টা পুলিশ।

আটলান্টা স্টেডিয়ামের ধারণক্ষমতা ৭৫ হাজার হলেও গ্যালারিতে দুই দলের সমর্থকদের সম্পূর্ণ আলাদা রাখার সুযোগ সীমিত। কর্মকর্তারা ধারণা করছেন, যুক্তরাষ্ট্রে উভয় দেশের বিশাল প্রবাসী জনগোষ্ঠীর উপস্থিতির কারণে গ্যালারিতে দুই দলের সমর্থকই সমান ৫০-৫০ অনুপাতে থাকবেন। ফুটবল ফেডারেশনের মাধ্যমে দেওয়া অফিশিয়াল টিকিটগুলোর বসার জায়গা আলাদা করা সম্ভব হলেও, ফিফার নীতি অনুযায়ী সাধারণ কোটায় টিকিট কাটা প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকেরা গ্যালারিতে একসাথেই বসার সুযোগ পাবেন। ফলে স্থানীয় কর্তৃপক্ষ নিরাপত্তার প্রস্তুতি অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ জানিয়েছে, চলতি বিশ্বকাপে ইংলিশ সমর্থকদের আচরণ এখন পর্যন্ত প্রশংসিত হয়েছে। তবে গত শনিবার রাতে মায়ামিতে চারজন ইংলিশ সমর্থককে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে একজন বৈধ টিকিট ছাড়াই স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত যুক্তরাজ্যের ফুটবল পুলিশিং ইউনিটের দল এবং স্থানীয় মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হচ্ছে। এবারের বিশ্বকাপের আটলান্টা স্টেডিয়ামটি শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত হওয়ায় খেলা শুরুর আগে স্টেডিয়ামের কাছের পানশালাগুলোয় দুই দলের সমর্থকদের ভিড় জমার কারণেও বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

কর্তৃপক্ষ আশা করছে, আগের ম্যাচগুলোর মতোই এই ম্যাচও শান্তিপূর্ণভাবে শেষ হবে। তবে আটলান্টা পুলিশ ভালো করেই জানে, ফকল্যান্ড যুদ্ধ কিংবা ১৯৮৬ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোল নিয়ে গ্যালারির স্লেজিং ও উসকানিমূলক স্লোগান যেকোনো মুহূর্তে উত্তেজনা ছড়াতে পারে। এরই মধ্যে একাধিক ম্যাচ শেষে ড্রেসিংরুমে আর্জেন্টিনার খেলোয়াড়দের ফকল্যান্ড যুদ্ধ নিয়ে গান গাওয়ার ভিডিও এবং সমর্থকদলের বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও ফিফা এখনো কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। শেষ ৩২ দলের রাউন্ডে ডিআর কঙ্গোর বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচে গ্যালারিতে ইংলিশ সমর্থকদের জয়জয়কার থাকলেও, এবার ফ্লোরিডা থেকে আসা বিপুলসংখ্যক আর্জেন্টাইন প্রবাসী এবং যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা ইংলিশ সমর্থকদের উপস্থিতিতে এক ধুন্ধুমার গ্যালারি লড়াইয়ের অপেক্ষায় রয়েছে আটলান্টা।